স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ : উগ্রপন্থীর সমস্যা সমাধান করার জন্য পূর্বতন সরকারের সময় রাজ্যে ত্রিপুরার স্টেট রাইফেল তৈরি করা হয়েছিল। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়ে মহিলাদের ত্রিপুরা স্টেট রাইফেলসে চাকুরি করার বিশেষ সুযোগ করে দিয়েছে। এবার এই বাহিনীর কমান্ডেন্ট হওয়ার স্বপ্ন দেখালেন এক প্রকৃত কমান্ডেন্ট। রবিবার পুলিশ সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে বিভিন্ন সচেতনতামূলক ও জনসংযোগমূলক কর্মসূচি গ্রহণ করেছে ত্রিপুরা পুলিশ এবং ত্রিপুরা স্টেট রাইফেলস। এরই অঙ্গ হিসেবে ত্রিপুরা স্টেট রাইফেলসের ১২ নম্বর ব্যাটেলিয়নের চাকমাঘাট স্থিত হেডকোয়ার্টারে একদিনের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয় তেলিয়ামুড়া নেতাজি নগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী দেবস্মিতা সাহাকে।
কমান্ড্যান্টের দায়িত্ব পেয়ে দেবস্মিতা জানান, ভবিষ্যতে পুলিশ বাহিনীতে একজন প্রতিষ্ঠিত সৈনিক হওয়াই তার স্বপ্ন। তার মতে, এই সুযোগ সেই স্বপ্নপূরণের পথে একটি গুরুত্বপূর্ণ প্রথম ধাপ। এই ব্যতিক্রমী অভিজ্ঞতা পেয়ে দেবস্মিতা অত্যন্ত আনন্দিত ও গর্বিত বলে জানায়। পাশাপাশি তাকে এই সুযোগ করে দেওয়ার জন্য সে টিএসআর ১২ নম্বর ব্যাটেলিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এ বিষয়ে টিএসআর ১২ নম্বর ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট সুভাষচন্দ্র দাস জানান, সাধারণ মানুষের মধ্যে পুলিশ ও টিএসআর সম্পর্কে যে ভয় ভীতি বা দূরত্ব রয়েছে, তা দূর করতেই এই উদ্যোগ। নবপ্রজন্মকে পুলিশের দায়িত্ব, কর্তব্য ও মানবিক দিক সম্পর্কে ওয়াকিবহাল করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন। এই ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার পাশাপাশি পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়া আরও সুদৃঢ় করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

