বাড়িরাজ্যছাগল চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে গাড়ি সহ আটক ১, পলাতক ২

ছাগল চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে গাড়ি সহ আটক ১, পলাতক ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ : ছাগল ও ভেড়া চুরির অভিযোগে জনতার হাতে আটক এক যুবক। পরে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়া থানাধীন দক্ষিণ পুলিনপুর এলাকায়। ঘটনাটি ঘটে রবিবার দুপুর নাগাদ। জানা যায়, রাজধানী আগরতলা থেকে আসা একটি TR 01 CG 0600 নম্বরের ইকো গাড়িতে করে তিন যুবক দক্ষিণ পুলিনপুর এলাকায় যায়। অভিযোগ, তারা এলাকার কয়েকটি ছাগল ও ভেড়ার দড়ি কেটে সেগুলি গাড়িতে তুলছিল। এই সময় স্থানীয়দের নজরে পড়লে এলাকাবাসী তাদের ধাওয়া করে।

ধাওয়ার মুখে অভিযুক্তরা অনেকটা দূর এগিয়ে গাড়ি ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গাড়িতে থাকা দুই যুবক পালাতে সক্ষম হলেও অপর একজনকে ধরে ফেলেন স্থানীয়রা। উত্তেজিত জনতা আটক যুবককে উত্তম-মধ্যম দেওয়ার পর তাকে তেলিয়ামুড়া থানা পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক যুবককে থানায় নিয়ে যায়। ধৃত যুবকের নাম প্রীতম পাল। তার বাড়ি আগরতলা উত্তর বাধারঘাট স্থিত স্বামী বিবেকানন্দ ক্লাব সংলগ্ন এলাকায়। স্থানীয়দের দাবি, দক্ষিণ পুলিনপুর এলাকায় দীর্ঘদিন ধরেই একাধিক ছাগল ও ভেড়া চুরির ঘটনা ঘটছিল। এলাকাবাসীর আশঙ্কা, এই চক্রের সঙ্গেই ধৃত যুবক ও তার সঙ্গীরা জড়িত থাকতে পারে। তার সঙ্গে স্থানীয় কিছু মাংস বিক্রেতাও জড়িত থাকতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী। ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গাড়ি থেকে এলাকাবাসী তিনটি ছাগল ও ভেড়া আটক করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য