Saturday, February 21, 2026
বাড়িরাজ্যদুঃসাহসিক চুরি মেকানিক্যাল ওয়ার্কশপে

দুঃসাহসিক চুরি মেকানিক্যাল ওয়ার্কশপে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ ফেব্রুয়ারি : উদয়পুর শহরে দিন দিন চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। একদিকে নেশা সামগ্রী জোগাড়ের তাগিদ, অন্যদিকে সংসার চালানোর অজুহাতে এক শ্রেণির যুবকরা শহরের বিভিন্ন এলাকায় চুরির ঘটনা সংঘটিত করে চলেছে বলে অভিযোগ। চুরি হওয়ার পর পুলিশ তদন্তে নামলেও অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীদের হদিস মিলছে না। ফলে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ ও আতঙ্ক। এবার দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে উদয়পুরের রাজারবাগ এলাকায় এক মেকানিক্যাল ওয়ার্কশপে।

জানা গেছে, শুক্রবার গভীর রাতে জনৈক উত্তম কর্মকারের গাড়ির মেকানিক্যাল ওয়ার্কশপের তালা ভেঙে চুরি করে চোরের দল। শনিবার সকালে দোকানের মালিক উত্তম কর্মকার দোকানে এসে দেখেন দরজার তালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই তিনি রাধাকিশোরপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তদন্ত শুরু করে। দোকান মালিক জানান, শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে দোকান বন্ধ ছিল।

 পাশাপাশি এলাকায় অধিকাংশ দোকানপাট বন্ধ ও নির্জন থাকায় চোরের দল সহজেই সুযোগ পায়। তিনি আরও জানান, দোকান থেকে বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে যায়। সম্প্রতি উদয়পুর শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে। রাতের বেলা পর্যাপ্ত টহলদারি না থাকায় দুষ্কৃতীরা বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ। তাঁরা প্রশাসনের কাছে কড়া নজরদারি ও নিয়মিত পুলিশি টহলের দাবি জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আশেপাশের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য