স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জানুয়ারি : শহরকে যানজট মুক্ত করতে শুক্রবার আগরতলা পুর নিগমের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হাওড়া মার্কেট নিয়ে নিয়েও আলোচনা হয়। বৈঠক উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কমিশনার, মহকুমা শাসক, রাজ্য পুলিশ ও ট্রাফিকের আধিকারিকরা। বৈঠকের পর মেয়র জানান, হাওড়া মার্কেটে একটা অংশ অবৈধভাবে ব্যবসা করে আসছে। অবৈধভাবে ব্যবসা করার জন্য কঠোর ব্যবস্থা নিতে চলেছে আগরতলা পুর নিগম। খুব শীঘ্রই সেখান থেকে অবৈধ ব্যবসায়ীদের তুলে দেওয়া হবে।
বৈধ ব্যবসায়ীদের জায়গা দেওয়া হবে ব্যবসা করার জন্য। এর জন্য ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে অবৈধ ব্যবসায়ীদের। ৭ ফেব্রুয়ারির মধ্যে তারা উচ্ছেদ না হলে আট ফেব্রুয়ারি বেআইনি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। মার্কেট নিয়ে অনেক অভিযোগ জমা পড়েছে সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি এই ব্যবসায়ীদের জন্য রাস্তায় যানজটও সৃষ্টি হচ্ছে, ঝামেলা বাড়ছে। তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে নিগম বলে জানান মেয়র।
তিনি আরো বলেন, যেখানে ফুটপাত দখল সহ শহরের গুরুত্বপূর্ণ জায়গায় যানজট সৃষ্টি হচ্ছে সেখানে অভিযান চালানো হবে। অবৈধ দখল কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার পাশাপাশি শহরকে যানজট মুক্ত রাখার ক্ষেত্রে পরিকল্পনা নেওয়া হয়েছে। কারণ যত্রতত্রভাবে গাড়ি বাইক পার্কিং করা এবং ভেন্ডার রাখার ফলে ট্রাফিক জ্যাম সৃষ্টি হচ্ছে। বিষয়টি মুখ্যমন্ত্রী নজরে হয়েছে। তাই শহর যানজট মুক্ত করতে নির্দেশ দিয়েছেন তিনি বলে জানান মেয়র।

