স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ জুন : সুশাসন জামানায় মানুষের সমস্যার অন্ত নেই। বন্যায় ক্ষতিগ্রস্ত সেতুর অংশ এবং রাস্তা গত দুবছরেও সংস্কার করার উদ্যোগ নেয়নি প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি। প্রতিবাদে তিন শতাধিক পরিবার রাস্তায় নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনা কমলপুর মহকুমার অন্তর্গত সালেমা ব্লকের অধীন মেচুরিয়া পঞ্চায়েত এলাকায়। এলাকাবাসীর বক্তব্য, এই সমস্যাগুলি নিয়ে তারা একাধিকবার জনপ্রতিনিধিদের অবগত করলেও তারা কোনরকম ব্যবস্থা নেয়নি। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে আজ রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয় স্থানীয় গ্রামবাসীরা।
তারা জানায়, মেচুরিয়া পঞ্চায়েত এলাকার ব্রিজ সংলগ্ন স্থানে দীর্ঘদিন ধরে ছড়ার পার ভাঙনের ফলে এলাকার প্রধান যাতায়াতের রাস্তা ও ধানক্ষেত গুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিয়ে বহুবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ ও আবেদন জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এলাকাবাসী বলেন বিডিও না আসা পর্যন্ত তারা অবরোধ প্রত্যাহার করবে না।প্রতিবাদকারীদের দাবি, অবিলম্বে ছড়ার জলভাঙন রোধে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত রাস্তাটি দ্রুত সংস্কার করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

