স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১৭ জানুয়ারি: আগরতলা স্মার্ট সিটিকে আনস্মার্ট করে তুলছে সুবিধাবাদী ব্যবসায়ী মহল। নেতা মন্ত্রীদের নাম ভাঙ্গিয়ে তারা শহরের রাস্তাঘাট দখল করে নিজেদের সুবিধাকে ভালো করেই লুটে নিচ্ছেন। যার বিরুদ্ধে পথচারীদের চাপে পড়তে হচ্ছে আগরতলা পুর নিগমকে। এমনই এক চাপে পড়ে অভিযানে নামতে বাধ্য করা হয় শনিবার। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার নিজে উপস্থিত থেকে বুলডোজার দিয়ে অভিযান চালায় রাজধানীর ঠাকুরপল্লী রোড এলাকার বেআইনি ব্যবসায়ীদের বিরুদ্ধে।
এলাকার শুভক্ষণ বিয়ে বাড়ি এবং সঙ্গম বিয়ে বাড়ির সাজ সরঞ্জাম সহ প্যান্ডেল এক প্রকার ভাবে রাস্তা বেদখল করে রেখেছিল দীর্ঘদিন ধরেই। মানুষের সমস্যা সৃষ্টি করে আসছেন তারা। একই সঙ্গে স্থানীয় কিছু ব্যবসায়ী রাস্তার উপর নিজেদের মর্জি মাফিক দোকানঘরের ভিটি এবং স্ল্যাব তৈরি করে রেখেছিল। এর বিরুদ্ধে বুলডোজার দিয়ে অভিযান চালানো হয় শনিবার। আগরতলা পুর নিগমের মেয়র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, স্থানীয়দের কাছ থেকে গত কয়েকদিন ধরে অভিযোগ উঠছিল। যার নিরিখে এই অভিযান চালানো হয়েছে। শহরবাসীর স্বাচ্ছন্দ বোধের দিকে গুরুত্ব দিয়ে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। জনজীবনে ব্যাঘাত ঘটিয়ে কোনভাবেই বেআইনি কায়দায় সুবিধা লুটতে পারবে না কেউ। একই সঙ্গে তিনি জানিয়েছেন আগরতলা শহরের মধ্যে যারা রাস্তার পাশে গাড়ি পার্কিং করে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে আগামী দিন।
তবে কবে এই অভিযান চালানো হবে সেটা জানা নেই। গত চার বছর ধরে শহরবাসী রাস্তার পাশে গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে শুনে আসছে। মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের নিজ বিধানসভা কেন্দ্র আখাউড়া রোডে সারিবদ্ধভাবে শত শত গাড়ি দিনরাত ২৪ ঘন্টা রাস্তা দখল করে দাঁড়িয়ে আছে। ফায়ার ব্রিগেড চৌমুহনী থেকে আখাউড়া যাওয়ার এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি চলাচল করে। কিন্তু রাস্তার পাশে যত্রতত্রভাবে দাঁড়িয়ে থাকা গাড়ির কারণে রাস্তার প্রশস্ত কমে যাওয়ায় প্রতিদিন জ্যাম সৃষ্টি হচ্ছে। নাজেহাল পথচারী। সুতরাং এক প্রকার ভাবে মানুষ শহরের মধ্যে চলাচল করতে পারছে না একমাত্র গাড়ি পার্কিং এবং বেআইনি ব্যবসায়ীদের কারণে। কুম্ভকর্ণের মত ভূমিকা পালন করছে নিগম কর্তৃপক্ষ। সঠিক ব্যবস্থাপনার চরম অভাব নিগমের আধিকারিক থেকে শুরু করে টাস্ক ফোর্সের মধ্যে।

