স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ জানুয়ারি : সুশাসন জামানায় আগরতলা শহরের দশমীঘাট এলাকায় মাফিয়া রাজ শুরু হয়েছে। গত কয়েক বছর ধরে স্থানীয় এক ক্লাবের মদতে এলাকায় দুঃশাসন শুরু হয়েছে। মানুষের নিরাপত্তা নেই বলেই চলে। গত ২৯ ডিসেম্বর দশমীঘাট এলাকার নেশাখোর সমাজদ্রোহী রণবীর গুহ, অধিরাজ দত্ত, প্রকাশ চৌধুরী সহ ২০-২৫ জনের বখাটে যুবক এক সাধারন নাগরিকের উপর হামলা চালায় বলে অভিযোগ।
সেদিন রাতের বেলা সোমবার রাতে জয়নগর জেপিসি ক্লাব সংলগ্ন এলাকায় এক রিকশা চালক নিয়ন্ত্রণ হারিয়ে দশমীঘাট এলাকায় এক যুবকের স্কুটিতে ধাক্কা দেয়। শুরু হয় দুই পক্ষের মধ্যে বিতর্ক। একসময় স্কুটিতে থাকা যুবক রিকশা চালককে মারতে শুরু করে। জয়নগর এলাকার এক অবিভাবক স্বপন রায় ঘটনা প্রত্যক্ষ করতে পেরে বিষয়টা মিমাংসা করে দিতে এগিয়ে আসলে ঐ বখাটে যুবক ফোন করে দশমীঘাট থেকে একঝাঁক যুবক নিয়ে আসে। তারা এসেই স্বপন রায়কে মারতে শুরু করে। স্বপন রায়কে বাঁচাতে এসে আরও অনেকজন অবিভাবক মাফিয়াদের হাতে আক্রান্ত হয়। এর মধ্যে নাম জড়িয়ে ছিল প্রকাশ চৌধুরীর। পরে জয়নগর এলাকার সাধারণ মানুষ অভিযুক্ত নেশাখোর বখাটে যুবকদের গ্রেপ্তারের দাবী জানাতে যায় পশ্চিম আগরতলা থানায়। এলাকাবাসীর অভিযোগ ছিল নেশাখোর সেই বখাটে সমাজ দ্রোহীরা সোমবার রাতে জয়নগর এলাকার তিন জনকে বেপরোয়া ভাবে মারধর করে।
তারপর পুলিশ প্রকাশ চৌধুরীকে আটক করে। অভিযুক্ত প্রকাশ চৌধুরীকে আদালতে তোলার পর তাকে তিনদিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়। বর্তমানে অসুস্থ হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন প্রকাশ। শুক্রবার সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে সে এই ঘটনার অস্বীকার করে। সেদিনের ঘটনায় সে কোনভাবেই জড়িত ছিল না বলে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখার জন্য দাবি জানায় হাসপাতালের বিছানা থেকে। এলাকায় কান পাতলে সাধারণ মানুষের বক্তব্য সেই নেশাখোর বখাটে সমাজদ্রোহীদের দেখা যায় রাত দশটার পর। নম্বর বিহীন গাড়ি আর বাইক নিয়ে এই নেশাখোর বখাটে সমাজদ্রোহীরা এদিক ওদিক তাণ্ডব চালিয়ে যায় প্রতিনিয়ত।

