স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ জানুয়ারি : একই এলাকায় একাধিক বাড়িতে চুরির ঘটনা। ঘুম কেড়ে নিয়েছে এলাকাবাসীর। ঘটনা সিপাহীজলা জেলাশাসক এবং পুলিশ সুপারের কার্যালয়ের নাকের ডগায়। এলাকার নেতার বাইক নিয়ে গেল চোরের দল! শুক্রবার রাতে বিশ্রামগঞ্জ বড়জলার বুথ সভাপতি তথা ব্যবসায়ী অভিজিৎ দেবনাথের বাইক নিয়ে গেছে চোরেরা। বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পশ্চিম বড়জলা এলাকার বাসিন্দা অভিজিৎ দেবনাথ। অভিজিৎ গোলাঘাটি বিধানসভার ৪৫ নং বুথ সভাপতি তথা বিশ্রামগঞ্জ বাজারের প্রভাবশালী ব্যবসায়ী।
অভিজিৎ দেবনাথ জানান, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতের বেলা খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু রাতের বেলা বসত ঘরের গ্রিল ভেঙ্গে তার টি আর ০১কে ৪৭৫০ নম্বরের বাজাজ পালসার বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল। আরো জানান, চোরেরা ধাওয়া খেয়ে সোয়েটার এবং জুতা সহ অন্যান্য সামগ্রী ফেলে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ এসে চুরির অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে সিপাহিজলা জেলা পুলিশ সুপার এবং জেলাশাসক কার্যালয়ে নাকের ডগায় দুই বাড়িতে একসাথে চুরির ঘটনা সংঘটিত হয়।
চোরের দল ঘরের দরজা ভেঙ্গে কাঠ মিস্ত্রি দীপক গোস্বামীর ঘরে থাবা বসায়। নিয়ে যায় মোবাইল ফোন। কিন্তু গৃহস্থ টের পেয়ে যাওয়ায় পালিয়ে যায় চোর। একই ভাবে এলাকার অটো চালক পিপাস সূত্রধরের অটো গাড়ি থেকে টাকা-পয়সা এবং দামি জিনিস নিয়ে যায় চোরের দল। পিপাস এবং তার মা প্রশ্ন তুলে জেলাশাসক এবং পুলিশ সুপারের কার্যালয়ের পাশে যদি এ ধরনের চুরির ঘটনা সংঘটিত হয় তাহলে কিভাবে তারা চোরের হাত থেকে রক্ষা পাবে? খালিবাড়ি ছেলে কোন সামাজিক অনুষ্ঠানে যেতে পারবে না। এলাকায় কোন নিরাপত্তা নেই। আগেও এমন চুরির ঘটনা একাধিক ঘটেছে। আগামী দিন পুলিশ প্রশাসন যাতে সঠিকভাবে এলাকায় পাহারা দেয় তার জন্য দাবী জানান ক্ষতিগ্রস্ত পরিবার। তবে একাধিক চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়ে আছে। পুলিশ প্রশাসনের দিকে আঙ্গুল উঠছে বারবার। শীত ঘুমে ব্যস্ত নাকি কোন ধরনের অদৃশ্য কারণ রয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে এলাকাবাসীর মুখে মুখে।

