স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ জানুয়ারি : উত্তরাখান্ড থেকে ত্রিপুরায় এসেছেন সেই রাজ্যের রাজ্যসভার প্রাক্তন সাংসদ তরুণ বিজয়। তিনি ত্রিপুরায় এসে উত্তরাখণ্ড বাসীর পক্ষ থেকে ত্রিপুরাবাসীর সঙ্গে এঞ্জেল চাকমার খুনের ঘটনার দুঃখ প্রকাশ করেন। শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রাক্তন সাংসদ তরুণ বিজয় সাংবাদিক সম্মেলন করে বলেন, তিনি এবং উত্তরাখণ্ডের সরকার চাইছে যারা এঞ্জেলকে খুন করেছে তাদের যাতে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি হয়। উত্তরাখণ্ডের পুলিশ তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যার মামলা গ্রহণ করেছে।
এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন গ্রেপ্তার হয়েছে। আরো একজন পলাতক রয়েছে। তাকে পুলিশ গ্রেপ্তার করার জন্য সব ধরনের চেষ্টা জারি রেখেছে। পাশাপাশি তিনি রাজ্যে এসে উত্তরাখণ্ড বাসীর পক্ষ থেকে এঞ্জেলের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং এঞ্জেলের আত্মার প্রতি শোক প্রকাশ করেন বলে জানিয়েছেন। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা সহ অন্যান্যরা।
এদিকে মণিপুরী কাউন্সিল ত্রিপুরা, ত্রিপুরা মণিপুরী স্টুডেন্ট ইয়ুথ কো-অর্ডিনেশন কমিটি এবং ত্রিপুরা মণিপুরী ওম্যান কাউন্সিলের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়েছে। এঞ্জেল চাকমার হত্যাকারীদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার তারা। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব প্রবীণ সিংহ। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবী করেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের যাতে কঠোরতম শাস্তি হয়। এঞ্জেল হত্যাকাণ্ড ঘিরে গোটা রাজ্যের পাশাপাশি গোটা দেশ প্রতিবাদে মুখরিত হয়েছে। দোষীদের কঠোর শাস্তি চাইছে দেশবাসী। উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর দেরাদুনে বাজার করতে গিয়ে এঞ্জেল চাকমা এবং তার ভাই দুর্বৃত্তদের হাতে গণপিটুনি ও ছুরি হামলার শিকার হয়েছিলেন। তারপর গত ২৬ ডিসেম্বর মৃত্যু হয় এঞ্জেলের। এঞ্জেল দেরাদুনে পড়াশোনা করতে গিয়েছিল। কিন্তু দুর্বৃত্তদের হাতে খুন হল সে।

