স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ডিসেম্বর : উদয়পুর শহরের জগন্নাথ চৌমুহনি এলাকায় স্কুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে এক স্কুটি আরোহী গুরুতরভাবে আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম বাবুল দত্ত। বয়স আনুমানিক ৬২ বছর। জানা যায়, বুধবার আনুমানিক দুপুর দেড়টা নাগাদ জগন্নাথ চৌমুহনি এলাকায় একটি স্কুটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতিতে আসা বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় স্কুটি আরোহী বাবুল দত্ত রাস্তায় ছিটকে পড়ে এবং গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। আহত বাবুল দত্তকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করে উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন। অন্যদিকে, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে বাইক আরোহী শিপন মিয়াকে রাধাকিশোরপুর থানার পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

