স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ডিসেম্বর : রাজ্যে অটো বিক্রি করা নিয়ে জালিয়াতির অভিযোগ উঠল বাজাজ কোম্পানির বিরুদ্ধে। পাঁচ শতাধিক অটো বিনা পারমিতে বিক্রি করার অভিযোগে সেই কোম্পানির বিরুদ্ধে উঠেছে। মঙ্গলবার পূর্ব থানায় মামলা করল অটো চালকরা। মামলা করার আগে থানা ঘেরাও করে তারা প্রতিবাদ জানায় পুলিশকেও। তাদের বক্তব্য পুলিশ জালিয়াতি শিকার হওয়া অটোচালকদের প্রতিদিন হয়রানি করে চলেছে।
প্রশাসনকে ঘুমে রেখে বিনা পারমিটে কিভাবে পাঁচ শতাধিক অটো বিক্রি করল বাজাজ কোম্পানি? তাদের আরো অভিযোগ ত্রিশ হাজার টাকা করে বাজাজ কোম্পানি পারমিট করে দেওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায় করেছে। কিন্তু তাদের পারমিট দেয়নি বাজাজ কোম্পানি। ফলে তারা সেই অটো নিয়ে রাস্তায় নামলে তাদের বিরুদ্ধে জরিমানা আদায় করছে ট্রাফিক পুলিশ। এই অবস্থায় বাজাজ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। তাদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন মজদুর মনিটরিং সেলের নেতা বিপ্লব কর। তিনি এই অভিযোগটি বিশেষভাবে তুলে ধরেছেন। উল্লেখ্য, ট্রাফিক কর্মীরা যখন অভিযান চালাতে গিয়ে বিনা পারমিটের অটোগুলি আটক করেছিল তখন কেন বিষয়টি নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে? এটা প্রশাসনের গাফিলতি নাকি অটো চালকদের পকেট কাটার অন্যতম ফন্দি? প্রশ্ন সচেতন নাগরিক মহলের।

