স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ ডিসেম্বর : সম্প্রতি মন রেগার নাম পরিবর্তন করে কেন্দ্রীয় সরকার জিরাম জি আইন পাস করেছে দেশে। এর প্রতিবাদে আন্দোলনে নামতে চলেছে প্রদেশ কংগ্রেস। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে আন্দোলনের ঘোষণা দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন, এমজিএন রেগা প্রকল্পের অধীন যে সমস্ত শ্রমিকরা রয়েছেন তারা আগামী দিন বুঝবেন কিভাবে আপনাদের মতো শ্রমিকদের অধিকার খর্ব করা হয়েছে।
এ আইন ইতিমধ্যে পাশ হয়ে গেছে রাষ্ট্রপতি দ্বারা। পরবর্তী সময়ে এই আইন যখন কার্যকর হবে তখন রেগা শ্রমিকরা বুঝতে পারবেন। তিনি আরো বলেন, বিগত বছর থেকে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুর মর্মর মূর্তির উপর নোংরা কাজ করতে দেখেছে ভারতবাসী। আর ভারতে মৌনবাদী শক্তিদের দ্বারা জাতির জনক মহাত্মা গান্ধীকে চূড়ান্তভাবে অপমান করা হচ্ছে। সুতরাং বাংলা দেশের মৌলবাদী শক্তি এবং ভারতের মৌলবাদী শক্তির মধ্যে কোন তফাৎ নেই। এর বিরুদ্ধে কংগ্রেসের লড়াই চলবে। এই আইন দ্বারা পুকুর খনন, রাস্তাঘাট নির্মাণ করা সহ বিভিন্ন কাজের ব্যাপক ব্যাঘাত ঘটবে। শ্রমিকরা কাজ পাবে না। আগের শ্রমিকরা কাজ না মিললে তারা বিডিও সহ অন্যান্য আধিকারিকদের কাছে গিয়ে কাজ চাইতো। এখন এই সুযোগ হারিয়েছে নয়া আইনের মাধ্যমে। তাই এই আইনের বিরুদ্ধে পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে কংগ্রেস আন্দোলন শুরু করে দিয়েছে। ২১ ডিসেম্বর দেশব্যাপী প্রত্যেকটি জেলায় এই আইনের বিরুদ্ধে আন্দোলন করতে রাস্তায় নামবে। দাবি জানানো হবে অবিলম্বে জি রাম জি আইন বাতিল করে পুরনো মন রেগা আইন পাস করার জন্য। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ অন্যান্যরা।

