স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ ডিসেম্বর : গায়ের জোরে প্রশাসনের পক্ষ থেকে রাবার বাগান ধ্বংস করে বিএসএফের ৭০ নং ব্যাটালিয়নের হেডকোয়ার্টার তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ। মাথায় হাত ক্ষতিগ্রস্ত রাবার চাষীর। ঘটনা খোয়াই মহকুমার উত্তর রামচন্দ্রঘাট গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি খোয়াই মহকুমার উত্তর রামচন্দ্রঘাট গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড এলাকার নবোদয় বিদ্যালয় পাড়ায় বি এস এফ-র সত্তর ব্যাটেলিয়ানের হেডকোয়ার্টার নির্মাণ করা হবে। এলাকায় সর্বমোট ৩৩ হেক্টর জায়গা জুড়ে এই হেডকোয়ার্টার নির্মাণ হবে।
প্রশাসনের তরফ থেকে জমি অধিগ্রহণ করার সময় যাদের জায়গা পড়েছে, প্রত্যেককে সরকারিভাবে নোটিশ প্রদান করা হয়েছে এবং তাদেরকে ন্যায্যমূল্য প্রদান করা হবে। যথারীতি হেডকোয়ার্টার নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রশাসন হেডকোয়ার্টার নির্মাণের জন্য ৩৩ হেক্টর জায়গা অধিগ্রহণ করার মধ্যে রয়েছে এলাকার জনৈক দিব্যেন্দু দাসের পাঁচ কানি জায়গা। দিব্যেন্দু দাসের এই পাঁচ কানী জায়গা জুড়ে রয়েছে একটি রাবার বাগান। কিন্তু প্রশাসনের তরফ থেকে দিব্যেন্দু দাসকে কোন প্রকার আগাম নোটিশ না দিয়ে দিব্যেন্দু দাসের ৫ কানি জায়গা জুড়ে থাকা রাবার বাগানের প্রায় ৩ শতাধিক রাবার গাছ কেটে সাফ করে দেয় বলে অভিযোগ।
বিগত ত্রিশ বছরেরও বেশি সময় ধরে জনৈক দিব্যেন্দু দাস ঐ জমিতে রাবার চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন বলে জানা যায়। এতে দরিদ্র রাবার চাষি দিব্যেন্দু দাস বিরাট পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। দিব্যেন্দু দাসকে কোনও কিছু না জানিয়েই তার বাগানের রাবার গাছগুলো কেটে দেওয়া হয় বলে অভিযোগ। ক্ষতিগ্রস্ত রাবার চাষী সংবাদ মাধ্যমের কাছে এই অভিযোগ জানিয়েছেন, তিনি প্রশাসনের কাছে একাধিকবার দ্বারস্থ হয়েছেন। এদিকে উত্তর রামচন্দ্র গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত রাবার চাষী দিব্যেন্দু দাস কে প্রশাসন যেন রাবার গাছের সঠিক মূল্য প্রদান করে আর্থিকভাবে সাহায্য করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। এখন দেখার বিষয়ক প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ গ্রহণ করা হয়।

