স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ ডিসেম্বর : মোহনপুরের গোবর্ধন পাড়ায় প্রতিবেশী নেশায় আসক্ত যুবকের ধারালো দায়ের কোপে আহত এক স্কুল পড়ুয়া ছাত্র। আহত স্কুল পড়ুয়া ছাত্রর নাম দেবরাজ দেবনাথ। ঘটনা শুক্রবার সকালে মোহনপুরের জগৎপুর এলাকার গোবর্ধন পাড়ায়। এলাকার লোকজনদের গণপ্রহারে আহত হন নেশায় আসক্ত যুবক দীপক সূত্রধর। দায়ের কোপে আহত দেবরাজ দেবনাথ দ্বাদশ শ্রেণীর ছাত্র। জানা যায় দেবরাজের প্রতিবেশী দীপক সূত্রধর প্রায় সময় নেশাগ্রস্ত অবস্থায় তাদের পরিবারকে গালিগালাজ করে। শুক্রবার সকালে দীপক নেশাগ্রস্ত অবস্থায় গালি গালাজ শুরু করে।
দেবরাজের মায়ের বক্তব্য দীপক যখন গালিগালাজ শুরু করেছে তখন দেবরাজ ঘরে পড়ছিল। আচমকা দীপক দা নিয়ে এসে দেবরাজের পিছন থেকে দা দিয়ে কোপানো শুরু করে। দেবরাজ দেবনাথের কাঁধে এবং হাতে দায়ের কোপ লাগে। আহত হয় তার মা আলপনা দেবনাথও। স্থানীয়রা ছুটে এসে নেশাগ্রস্ত দীপককে আটক করে গণ ধোলাই দেন। পরবর্তী সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে মোহনপুর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় সিধাই থানার পুলিশ। সিধাই থানার পুলিশ দীপক সূত্রধরকে আটক করেছে।

