স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ নভেম্বর : নেশা মুক্ত ত্রিপুরা স্লোগান ফ্লপ। দিন দিন রাজ্য নেশা করিডোর হয়ে উঠছে। প্রতিদিন খবরের শিরোনাম দখল করছে নেশা সাম্রাজ্যের খবর। অথচ রাজ্যে নেশার উৎপত্তি এবং পাচার রুখতে ব্যর্থ হচ্ছে পুলিশ প্রশাসন। যাইহোক প্রায় দেড় লক্ষাধিক টাকার নেশা সামগ্রী সহ রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আটক পাঁচ নেশা কারবারি। মঙ্গলবার রাতে পূর্ব আগরতলা থানার পুলিশ রাজধানীর কাসারী পট্টি এলাকা, মহিলা মহাবিদ্যালয় রোড সংলগ্ন এলাকা থেকে চারজনকে আটক করে। তাদের কাছ থেকে আটক হয় প্রচুর পরিমাণে নেশা সামগ্রী। থানার ওসি জানান কাসারি পট্টি এলাকা থেকে চারজনকে প্রথম অবস্থায় আটক করা হয়।
তাদের কাছ থেকে আটক করা হয় চার শতাধিক বাউন সুগারের কৌটা। যার মধ্যে ৫.১২ গ্রাম ব্রাউন সুগার ছিল। পরবর্তী সময় আবারও গোপন সূত্রের খবরে রাত সাড়ে বারোটার নাগাদ মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ৪১০ টি ব্রাউন সুগার ভর্তি কৌটা আটক করা হয়। এর মধ্যে ছিল ৫.২ গ্রাম ব্রাউন সুগার। তাদের কাছ থেকে পুলিশ বাইক এবং স্কুটি সহ ৫ হাজার ১০০ টাকা আটক করা হয়। পুলিশ আরো জানায় কাঁসারী পট্টি এলাকা থেকে যারা গ্রেপ্তার হয়েছে তারা হলো জয়দীপ ঘোষ, বাড়ি অভয়নগর এলাকায়, রাজেশ শীল, প্রসেনজিৎ দেবনাথ, বিকাশ দেবনাথ। মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে যে আটক হয়েছে তার নাম হলো রাকেশ দে। তার বাড়ি রাধানগর এলাকায়। পুলিশ প্রাথমিকভাবে কোন কিছুই বলতে পারছে না। তবে তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা হাতে নিয়েছে। আটক নেশা সামগ্রী বাজার মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা হবে। পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে তোলা হবে বলে জানান ওসি।

