স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ নভেম্বর : রাজনৈতিক প্রেক্ষাপটে আবারো উত্তপ্ত উত্তর ত্রিপুরা জেলা। মঙ্গলবার ছাত্র সংগঠনের ঝামেলার পর গভীর রাতে অজ্ঞাত একদল দুষ্কৃতী ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে আগুন লাগায়। এর প্রতিবাদে বুধবার সড়ক অবরোধের শামিল হল কংগ্রেস কর্মী সমর্থকরা। উত্তর জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তীর অভিযোগ, বিজেপি কর্মীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান তিনি সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ। পাশাপাশি পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। তাদের দ্রুত তৎপরতায় বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
দিগ্বিজয় চক্রবর্তী আরো বলেন, বিজেপি কর্মীরাই কংগ্রেস ভবনে আগুন লাগিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে। কিন্তু শতবর্ষের পুরনো কংগ্রেস দলের অফিসে আগুন লাগিয়ে ও কংগ্রেস কর্মীদের উপর মিথ্যে মামলা বা হামলা করে কংগ্রেসকে ভয় দেখানো যাবে না। অগ্নিসংযোগের এই ঘটনার তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে গোটা ধর্মনগর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার নিন্দা জানিয়ে জেলা কংগ্রেসের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভকারীরা ধর্মনগর শহরের প্রাণকেন্দ্র কালী দীঘির পাড়ে নেতাজি মূর্তির পাদদেশে রাস্তা অবরোধ করে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। উত্তেজিত পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হিমসিম খাচ্ছে।

