স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ নভেম্বর :বনমালীপুর কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র রায়ের বিধায়ক উন্নয়ন প্রকল্প তহবিল থেকে উত্তর বনমালীপুর ইয়ংস কর্নার ক্লাবকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন। ক্লাব কর্তৃপক্ষের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন এলাকার বিধায়ক গোপাল চন্দ্র রায়। তাছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর দেববর্মা সহ ক্লাব কর্মকর্তারা। প্রসঙ্গত, বনমালীপুর কেন্দ্রে এই নিয়ে দশটি অ্যাম্বুলেন্স প্রদান করেন বিধায়ক গোপাল চন্দ্র রায়। প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে এই অ্যাম্বুলেন্সটি ক্রয় করা হয়েছে।
দীর্ঘদিন ধরে এলাকায় অ্যাম্বুলেন্সের অভাব ছিল। সেই দিকে লক্ষ্য রেখে ইয়ংস কর্নার ক্লাব কর্তৃপক্ষ বিধায়কের কাছে এলাকাবাসীর স্বার্থে অ্যাম্বুলেন্সের দাবি করেছিলেন। রবিবার তাদের দাবি পূরণ করা হয়। যেসব এলাকায় অ্যাম্বুলেন্স নেই সে সব এলাকা থেকে চাইলে অ্যাম্বুলেন্স দেওয়া হবে। এই অ্যাম্বুলেন্সের মূল্য ৭ লক্ষাধিক টাকা। এর সঙ্গে একটি অক্সিজেন মাস্ক দেওয়া হয়েছে এক লক্ষ টাকা ব্যয় করে। মানব সেবায় এই অ্যাম্বুলেন্সটিকে কাজে লাগাতে ক্লাব কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান বিধায়ক। তিনি বলেন, জনগণের টাকা যাতে অব্যয় না হয় তার জন্য তিনি এখন পর্যন্ত ১০ টি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন নিজ বিধানসভা এলাকায়। বিধায়ক আরো জানান দল-মত নির্বিশেষে এবং রাজনৈতিক রঙের বিবেচনা না করে উন্নয়ন করতে চান তিনি।

