স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ নভেম্বর : রাজধানীর কালিকাপুর এলাকায় উস্কানিমূলক স্লোগান দিয়ে পরিকল্পিতভাবে কিছু পুরুষ মহিলা বাড়ি ঘরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং পিস্তল ও বোমা দেখিয়ে প্রাননাশের হুমকি দেয় বলে অভিযোগ এলাকাবাসীর। ঘটনা গত ৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ। প্রান বাঁচতে বাড়িঘর ফেলে নিরাপদ স্থানে আশ্রয় নেয় এলাকাবাসী। বৃহস্পতিবার অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়ে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানায় এলাকাবাসী। অভিযুক্তরা হল আয়ুস কাজী, শাকিল কাজী, অনিক কাজী, ইমরান খান, শরিফ কাজী, রিংকি বেগম এবং হেনা বেগম।
এলাকাবাসীর অভিযোগ সেদিন একটি নির্দিষ্ট অংশের নারী-পুরুষ তাদের বাড়িঘরে অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং প্রাননাশের হুমকি দেয়। পরিস্থিতি যাতে উত্তেজিত না হয় তার জন্য পালটা প্রতিরোধ করে নি এলাকাবাসী। তাদের যন্ত্রণায় সন্ধ্যার পর বর্ডার গোলচক্কর বাজারে আসতে পারে না। পুলিশের নিরাপত্তা থাকলেও এই দুর্বৃত্ত বাহিনীর আতঙ্কে ভুগছে এলাকাবাসী। কারণ সেদিন দুর্বৃত্তবাহিনী পুলিশের সামনে তাণ্ডব চালিয়েছে। তাদের আতঙ্কে এখন এলাকার মানুষ ভুগছে। তাই অভিযুক্তদের নাম দিয়ে পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। তাদেরকে গ্রেপ্তার না করলে যে কোন সময় পরিস্থিতি আরো বেশি উত্তপ্ত হয়ে উঠতে পারে।
এলাকাবাসী আরো জানান, এখন পর্যন্ত এলাকার বিধায়ক দীপক মজুমদার তাদের সঙ্গে কোন যোগাযোগ করেননি। তারা হুশিয়ারি দিয়ে জানান পুলিশ যদি অভিযুক্তদের গ্রেফতার না করে তাহলে তারা তাদের মতো করে চিন্তা করবে। উল্লেখ্য, এলাকার মধ্যে দুই অংশের মানুষের মধ্যে চলছে ঝামেলা। পাল্টাপাল্টি মামলা হলে পুলিশ কতটা সুষ্ঠ তদন্ত করে সেটাই এখন দেখার বিষয়। তবে এভাবে চলতে থাকলে পরিস্থিতির অবনতি হতে পারে। বর্তমানে গোটা এলাকা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকলেও পরিস্থিতি থমথমে।

