স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ অক্টোবর: পূর্বে গ্রহণ করা পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন প্রদান করল চাকরির পরীক্ষার্থীরা। সম্প্রতি স্বাস্থ্য দপ্তর থেকে অপটোমেট্রি নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। যথারীতি পরীক্ষাও নেওয়া হয়েছে। পরীক্ষা গ্রহণের এক দুই দিন পড়ে কিছু প্রশ্নপত্র উত্তর সহ প্রকাশ্যে আসে। দেখা যায় এই সকল প্রশ্ন অপটোমেট্রি নিয়োগের জন্য যে পরীক্ষা নেওয়া হয়েছে সেই পরীক্ষায় এসেছে। এতে চাকুরি প্রত্যাশীদের সন্দেহ হয়। চাকুরি প্রত্যাশীদের সন্দেহ পরীক্ষা গ্রহণের পূর্বে পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়ে গেছে। তাই চাকুরি প্রত্যাশীরা বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরে গিয়ে পূর্বের নেওয়া পরীক্ষা বাতিল করে পুনঃরায় পরীক্ষা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিকর্তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন।
এদিকে একজন পরীক্ষার্থী জানান, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা প্রশ্ন তুলে, পরীক্ষার পরের দিন থেকেই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে কয়েকটি পিডিএফ, লিঙ্ক ভাইরাল হয়ে যায়। সেখান থেকে ৭০ – ৮০ শতাংশ পরীক্ষার প্রশ্ন হুবহু ধারাবাহিকভাবে নেওয়া হয়েছে, যা প্রায় অসম্ভব, কারণ পরীক্ষার হল থেকে প্রশ্নপত্র ফেরত নিতে দেওয়া হয়নি এবং কোনও ওএমআর কার্বন কপিও ফেরত দেওয়া হয়নি। অসম্পূর্ণ বিকল্পগুলির সাথে কয়েকটি প্রশ্ন ভুল ছিল বলেও তারা উল্লেখ করে। যেহেতু প্রশ্নগুলি কয়েকটি অনলাইন লিঙ্ক, পিডিএফ থেকে নেওয়া হয়েছে। তাই প্রশ্নপত্রের মান সম্মতকরণ নিয়ে সন্দেহ প্রকাশ করে তারা। খুব কম প্রার্থীকেই এলোমেলোভাবে একাধিক ওএমআর শিট দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ডেপুটেশন প্রদানের পর চাকুরি প্রত্যাশীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিষয়ে তুলে ধরে। চাকুরি প্রত্যাশীরা জানায় পরীক্ষায় যে সকল প্রশ্ন এসেছে তার মধ্যে কিছু কিছু প্রশ্নও ভুল ছিল।

