স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ অক্টোবর :এস আই আর -এর মাধ্যমে আদিবাসী, গরিব, পিছিয়ে পড়া মানুষের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। মঙ্গলবার খোয়াই কংগ্রেস ভবনে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত যোগদান সভায় খোয়াই মহকুমার আশারামবাড়ী বিধানসভা কেন্দ্র, রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্র এবং খোয়াই বিধানসভা কেন্দ্র মোট ১৩৪ জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেন।
তারা বিজেপি এবং তিপরা মথা দলের সমর্থিত ছিলেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এছাড়া উপস্থিত ছিল আদিবাসী কংগ্রেস নেতৃত্ব শব্দ কর জমাতিয়া, তেলিয়ামুড়া জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য সহ আরো অনেকে। প্রদেশ কংগ্রেস সভাপতি আর বলেন দেশের পশ্চাৎপদ দলিত অংশের গরিব মানুষ বুঝে গেছে তাদের আর্থ সামাজিক অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে পারে একমাত্র কংগ্রেস।
প্রদেশ কংগ্রেস সভাপতি আরো বলেন, নির্বাচন কমিশন ভোটার তালিকার উপর কাটাছেঁড়া করছে। আদিবাসী গরিব পশ্চাৎপদ মানুষদের নাম এস আই আর -এর মাধ্যমে বাতিল করে দিচ্ছে নির্বাচন কমিশন। কারণ নির্বাচন কমিশন জানে গরীব অংশের মানুষের মধ্যে ভোটাধিকার এবং ভোটের তালিকা সম্পর্কে অনেকটাই দুর্বলতা রয়েছে। এর জন্য এই সুযোগ কাজে লাগাচ্ছে তারা। তাই এর বিরুদ্ধে জনজাগরণ তৈরি করতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নির্দেশ দিয়েছেন। সে নির্দেশ অনুযায়ী মানুষকে সচেতন করা হচ্ছে বলে জানান তিনি।

