স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ অক্টোবর : প্রদেশ কংগ্রেসের মাইনোরিটি সেলের নব গঠিত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার। প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক। উল্লেখ্য দীর্ঘ ৭ বছর পর পূর্ণাঙ্গ রূপে প্রদেশ কংগ্রেসের মাইনোরিটি কমিটি গঠন করা হয়েছে। সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে এইদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত নেতৃত্ব।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, মাইনোরিটি সেলের সভাপতি রুহুল আলীম সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সংখ্যা লঘু বিভাগের নব গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় রবিবার। দীর্ঘ ৭ বছর পর প্রদেশ কংগ্রেস সংখ্যা লঘু সেলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে সমগ্র দেশ জুড়ে সংখ্যা লঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতিত। একটা গুরুত্বপূর্ণ সময়ে প্রদেশ কংগ্রেসের সংখ্যা লঘু সেলের কমিটি গঠন করা হয়েছে। এসআইআর-এর নামে একটা নির্দিষ্ট জন গোষ্ঠীর ভোটাধিকার খর্ব করার চেষ্টা করা হচ্ছে।

