স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ অক্টোবর :আগরতলা পুর নিগমের পক্ষ থেকে আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে শারদ সম্মানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সংসদ রাজীব ভট্টাচার্য। বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
তিনি শারদ সম্মানের ঘোষণা দিয়ে বলেন, সেন্ট্রাল জোন, সাউথ জোন, ইস্ট জোন এবং নথ জোনের ১৬ টি ক্লাব এবং পূজা সংস্থাকে সেরা প্রতিমা, সেরা পুজো মণ্ডপ, সেরা আলোকসজ্জা এবং সেরা থিমের জন্য পুরস্কার দেবে আগরতলা পুর নিগম। তিনি বলেন, প্রতিবছরের মতো এবছরও শারদ সম্মানের আয়োজন করা হয়েছে। ২০২১ সাল থেকে এই শারদ সম্মান প্রদান করে আসছে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। এবছর চতুর্থবার শারদ সম্মান প্রদান করতে চলেছে আগরতলা পুর নিগম। এ বছর আগামী ২৫শে অক্টোবর শারদ সম্মান দেওয়া হবে আগরতলা শহরের চারটি জেনারেল বিভিন্ন ক্লাব এবং পূজার সংস্থাকে। সেরা প্রতিমা, সেরা পূজা মন্ডপ, সেরা আলোকসজ্জা এবং সেরা থিমের উপর মোট চারটি ক্যাটাগরিতে ১৬ টি পুরস্কার প্রদান করা হবে বিভিন্ন ক্লাব এবং পূজা উদ্যোক্তাদের।
এছাড়াও আগরতলা পৌর নিগমের অন্তর্গত ৫১ টি ওয়ার্ডের মধ্যে সেরার সেরা হিসেবে পাঁচটি ক্লাব বাছাই করা হবে। যেমন প্রতিমা, মন্ডপসজ্জা, আলোকসজ্জা, থিম এবং মহিলা পরিচালিত পূজা। মেয়র আরো জানান, পুরস্কৃত হওয়া বিভিন্ন ক্লাব এবং পূজা সংস্থার হাতে ট্রফি সহ আর্থিক ভাবে অনুদান তুলে দেওয়া হবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।

