স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ অক্টোবর :বুধবার রাতে কদমতলা থানাধীন সরসপুর গ্রামে ঘটে পৃথক দুটি চুরির ঘটনা। প্রথম ঘটনাটি ঘটে সরসপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজিত নাথের বাড়িতে। বাড়ির লোকজনদের কাছ থেকে জানা যায়, বুধবার সন্ধ্যায় শ্যামা পুজো দেখতে বের হয়েছিল পরিবারের লোকজন। রাত প্রায় সাড়ে দশটার নাগাদ বাড়ি ফিরে দেখেন ঘরের তালা ভাঙা। তারপর ঘরে প্রবেশ করে দেখেন চোরের দল হাত সাফাই করেছে। ঘর থেকে নগদ ৫ হাজার ৫০০ টাকা, স্বর্ণালংকার ও একটি গ্যাস সিলিন্ডার নিয়ে যায় চোরেরা।
অবাক করার বিষয়, তারা বাড়ির রান্না করা খাবারও খেয়ে গেছে বলে জানান গৃহস্থ। অন্যদিকে, একই রাতে ওই গ্রামেরই ৪ নম্বর ওয়ার্ডের বরগোল এলাকায় মৃত শম্ভু নাথের বাড়িতেও হানা দেয় চোরের দল। শম্ভু নাথের স্ত্রী জানান, তিনি গত বুধবার সকাল থেকে বাড়িতে ছিলেন না। বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে দেখেন, তার ঘরের দরজা ভাঙা। ঘরে প্রবেশ করে দেখেন স্বর্ণালংকার, দুটি গ্যাস সিলিন্ডার ও আরও বেশ কিছু সামগ্রী নিয়ে গেছে চোরের দল। এ ঘটনায় কদমতলা থানায় পৃথক দুটি চুরির মামলা রুজু হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। এদিকে, প্রতিদিন জেলার কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটতে থাকায় জেলাজুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের দাবি, চোর-ডাকাতদের দমন ও আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের টহল ও নজরদারি আরও বাড়ানো হোক।

