স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ অক্টোবর : তথ্য জানার অধিকার ২০১৪ সাল থেকে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইটা দেশের স্বচ্ছতা ও গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করছে। প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ উত্থাপন করেন প্রদেশ সভাপতি আশিষ কুমার সাহা।
আশিষ কুমার সাহা বলেন বিজেপি সরকার কেন্দ্রের ক্ষমতায় দখলের পর থেকে ভারতবর্ষে তথ্য জানার অধিকার আইনের উপর আঘাত এসেছে। এই আইনকে দুর্বল করার জন্য যে পদক্ষেপ গুলি গ্রহণ করা হয়েছে, বিশেষ করে ২০১৯ সালে সংশোধনীর মাধ্যমে এই আইনের স্বাধীনতাকে দুর্বল করা হয়েছে। তথ্য কমিশনারের সায়ত্ব শাসনকে দুর্বল করা হয়েছে। একটা সময় কমিশনারদের ৫ বছরের মেয়াদ এবং সুরক্ষিত পরিষেবা এই আইনের শর্ত ছিল। ২০২৩ সালে আবার সংশোধনীর মাধ্যমে আর টি আই-র স্বচ্ছতাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। কেন্দ্রিয় তথ্য কমিশন বর্তমানে ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। তথ্য কমিশনারের ১১ টি অনুমোদিত পদ রয়েছে। অথচ তথ্য কমিশনার রয়েছে মাত্র দুইজন। চিফ কমিশনারের পদটিও শূন্য হয়ে রয়েছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা।

