স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ অক্টোবর :শারদীয় দুর্গোৎসবের আনন্দে যখন উত্তর ত্রিপুরা উৎসবের রঙে মেতে উঠেছিল, ঠিক তখনই নবমীর সকালে ঘটে যায় এক তীব্র চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার ধর্মনগর থানায় উপস্থিত হয়ে উত্তর জেলার পুলিশ সুপার অভিনাশ রাই জানান, ধর্মনগরের কালিকাপুরে অবস্থিত সাব-জেল থেকে একসাথে পালিয়ে যায় ছয়জন কুখ্যাত আসামী । ঘটনাটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে উত্তর জেলা প্রশাসন ও উত্তর জেলার পুলিশ। এখন পর্যন্ত পলাতক ছয় আসামির মধ্যে তিনজন পুলিশের জালে ধরা পড়েছে।
ধৃতরা হল — নারায়ণ দত্ত, আব্দুল পাতা এবং রহিম আলী। এদের মধ্যে রহিম আলী উত্তর ফুলবাড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তার বিরুদ্ধে কদমতলা থানায় চুরি সহ ডাকাতির মামলা রুজু রয়েছে। তবে এখনও অধরা রয়েছে আরও তিনজন — রোসন আলী, কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন, এবং সুনীল দেববর্মা। এদের খোঁজে উত্তর জেলা পুলিশ ইতিমধ্যে রাজ্যজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে, যাতে কেউ রাজ্যের বাইরে পালিয়ে যেতে না পারে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করে বাকি তিনজনের সম্ভাব্য লুকিয়ে থাকার স্থানের সন্ধান মিলতে পারে।
দুর্গাপূজার নবমীর সকালে এই পলায়ন ঘটনার পর থেকেই সাব-জেলের নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পর জেল প্রাঙ্গণে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধর্মনগরের এই ঘটনায় এখনো চাঞ্চল্য বজায় রয়েছে। পুলিশের তৎপরতায় স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এলেও বাকি তিন পলাতক ধরা না পড়া পর্যন্ত উদ্বেগ কাটছে না। এদিকে, বহি রাজ্য আসামের শ্রীভূমি জেলা থেকে রহিম আলীকে গ্রেফতার করে ধর্মনগর থানায় নিয়ে আসে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় ধর্মনগর থানায় মামলা নম্বর ৮৮/২৫ রুজু হয়েছে। বাকিদেরকে ধরার জন্য জোরদার তল্লাশি চলছে।

