স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ অক্টোবর :গত ৬ আগস্ট কলমক্ষেত এলাকায় খুন কান্ডের ঘটনায় জড়িত অপর অভিযুক্ত রিপন মিয়াকে আটক করল সোনামুড়া থানার পুলিশ। অভিযোগ সেদিন ভয়ঙ্কর ডাকাতের ঘটনা সংগঠিত হয়েছিল সোনামুড়া থানা ও মেলাঘর থানার সংযোগস্থল ধনপুর বিধানসভা কেন্দ্রের মোহনভোগ ব্লকের ঘ্রানতলী গাঁও সভার ৪ নং ওয়ার্ডের কলম ক্ষেত এলাকায়।
সশস্ত্র ডাকাতের দল হামলা করেছিল এলাকার শান্তি রঞ্জন দাসের বাড়িতে। তাদের হামলায় নিহত হয়েছিলেন বাড়ির ৮৫ বছর বয়সী বৃদ্ধ শান্তির রঞ্জন দাস। মারাত্মকভাবে জখম হয়েছিল উনার সহধর্মিনী নমিতা দাস। তারপর ডাকাতের দল নগদ অর্থ সহ স্বর্ণালংকার হাতিয়ে নেয়। তারপর নমিতা দাস হামাগুড়ি দিয়ে প্রতিবেশী নারায়ণ দাসের বাড়িতে গিয়ে গোটা ঘটনা জানায়। তারপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল। তারপর থানায় মামলা হওয়ার পর তদন্তে নামে সোনামুড়া থানার পুলিশ। তদন্তে বের হয়ে আসে এই ঘটনার সাথে জড়িত রিপন মিয়াও। তার বাড়ি এলাকায়। দীর্ঘদিন ধরে অভিযুক্ত রিপন মিয়া পলাতক ছিল। বৃহস্পতিবার রাতে সোনামুড়া থানার পুলিশ এবং যাত্রাপুর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত রিপন মিয়াকে যাত্রাপুর থানাধীন কালী কৃষ্ণনগর এলাকা থেকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ রিমান্ডের আবেদন করে শুক্রবার অভিযুক্তকে আদালতে তোলা হয়। পুলিশ এখন পর্যন্ত আটজনকে আটক করেছে।

