স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ সেপ্টেম্বর : মহা পঞ্চমীর দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চাম্পামুড়া বাজারে এক দোকান। ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা। ঘটনা শনিবার সকালে। বাজার ব্যবসায়ীদের তৎপরতায় অল্পতে রক্ষা পায় বাজারের অন্যান্য দোকান। জানা গেছে কমলাসাগর চাম্পামুড়া বাজারে হাহা ভ্যারাইটিজ দোকানের মালিক ভবতোষ সাহা অন্যান্য দিনের মতো শনিবার সকালেও দোকান খুলে দোকানে ঠাকুর আরাধনার পরে জলন্ত ধুপকাঠি অসতর্কভাবে রেখেছিলেন, এর থেকে আগুন লেগে যায়।
দোকানের মালিক ভবতোষ সাহা ওনার দোকানের ভেতরে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা ছুটে আসে। তবে নিজের দোকানের আগুন নিভাতে গিয়ে দোকান মালিক ভবতোষ সাহা আহত হন। পরে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা দোকানের আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা শুরু করে। বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে বিশালগড় অগ্নিপথ দপ্তরের একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। ঘটনার খবর পেয়ে চাম্পামুড়া বাজারে তড়িঘড়ি ছুটে আসেন সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের তৎপরতায় বড় ধরনের অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পায় চম্পামুড়া বাজার। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা।

