স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ সেপ্টেম্বর :আসন্ন দুর্গাপূজার আগে শহরের মধ্যে নেশা, চুরি, ছিনতাই সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ নিয়ে চিন্তায় রয়েছে পুলিশ প্রশাসন। এর মধ্যে অন্যতম হলো আগরতলা শহরের গোয়ালা বস্তি এলাকা। গোয়ালা বস্তির বহু যুবক বিভিন্ন অসামাজিক কার্যকলাপে সরাসরি যুক্ত হয়ে পড়েছে বলে সূত্রে খবর। এনসিসি থানার পুলিশের কাছে সমস্ত তথ্য ও তালিকা থাকলেও পুলিশ নিয়মিত অভিযান চালায় না বলে নেশার আখড়া হয়ে উঠেছে গোটা এলাকা। অবশেষে আসন্ন পূজাকে সামনে রেখে শুক্রবার দুপুরে অভিযান চালায় পুলিশ।
টি এস আর এবং সিআরপিএফ নিয়ে গোটা গোয়ালা বস্তিতেই অভিযান চালিয়েছে এদিন। অভিযানে গিয়ে পুলিশ প্রচুর পরিমাণে ব্রাউন সুগারের খালি কৌটা এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত নম্বরবিহীন এবং ভিন রাজ্যের মোট পাঁচটি মোটর বাইক আটক করেছে। একই সাথে পুলিশ সন্দেহজনকভাবে দুজনকে আটক করেছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে জানান এনসিসি থানার ওসি। স্মার্ট সিটির মধ্যে অসামাজিক কার্যকলাপে প্রথম সারিতে রয়েছে গোয়ালা বস্তি এলাকা। প্রতিদিন শহরের বিভিন্ন জায়গায় নেশা দ্রব্য পাচার হচ্ছে গোয়ালা বস্তি থেকে।
শুধু তাই নয় বিগত দিনেও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল এই গোয়ালা বস্তি থেকে। শহরের হাই সিকিউরিটি জুনের মধ্যে এই গোয়ালা বস্তি বহু রোমহর্ষক ঘটনা বিগত দিনে সংগঠিত করেছে। কোনভাবেই গোয়ালা বস্তি গুরুত্বহীন ভাবে দেখলে চলবে না পুলিশ প্রশাসনের।

