স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ আগস্ট : খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার গনবণ্টন ব্যবস্থার সাথে জড়িতদের সাথে মত বিনিময়ের আয়োজন করা হয়। রাজধানীর রবিন্দ্র শতবার্ষিকী ভবনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এইদিনের মত বিনিময় সভায় আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রেশন ডিলাররা তাদের ব্যবসা করে পরিবারের সকলকে নিয়ে যেন সুন্দর ভাবে চলতে পারে তার প্রয়াস থাকবে সরকারের।
এপিএল কমিশনের বিষয়টি দপ্তরের নজরে রয়েছে। আগামি দিনে সুযোগ হলে সেইটা করা হবে। বিষয়টি নিয়ে কেন্দ্রিয় সরকার, মুখ্যমন্ত্রী ও অর্থ দপ্তরের সাথে আলোচনা করা হবে। লবণ সরবরাহ নিয়ে যে সমস্যা রয়েছে, সেই সমস্যা দূর করার জন্য সহসাই দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হবে। তবে ভোক্তারা যেন রেশন থেকে লবণ সংগ্রহ করে সেই বিষয়টি দেখতে হবে রেশন ডিলারদের। রেশন সামগ্রীর গুনমান নিয়ে দপ্তর কোন সময় ইচ্ছাকৃত ভাবে আপোষ করে না। ডালের জন্য বছরে একবার টেন্ডার করা হয়। আগে নাপের কাছ থেকে ডাল নেওয়া হতো।
নাপ ডালের মূল্য বৃদ্ধি করেছে। তারপর নতুন করে ওপেন টেন্ডার করা হয়। ডালের মূল্য আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তারপরও বাজার মূল্য থেকে রেশনে কম মূল্যে রেশনে ডাল দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। পিভিসি রেশন কার্ড নিয়ে বলতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন প্রথম দফায় ৪ লক্ষ ৭৮ হাজার পিভিসি রেশন কার্ড ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে। সহসাই সেই রেশন কার্ড প্রদান করা হবে। স্থানিয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এই রেশন কার্ড গুলি বিতরণ করা হবে বলেও জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এইদিনের মত বিনিময় অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের বিশেষ সচিব, দপ্তরের অধিকর্তা সহ পশ্চিম জেলার অন্তর্গত বিভিন্ন মহকুমার মহকুমা শাসকরা। সভায় এইদিন সমগ্র রাজ্য থেকে রেশন ডিলাররা অংশগ্রহণ করে।

