স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ১৯ আগস্ট : ১৯ আগস্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৭ তম জন্মবার্ষিকী। যথাযথ মর্যাদার সাথে দিনটি উদযাপন করা হচ্ছে রাজ্যে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা শ্রদ্ধা জানান সামাজিক মাধ্যমে। এদিন কামান চৌমুহনি স্থিত জিরো পয়েন্টে আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিবস পালন করা হয়। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর আধুনিক রূপকার হিসেবে বলা হত। ওনার চিন্তাভাবনা আজকের দিনেও অনেক বেশি প্রাসঙ্গিক। তাই বর্তমান সরকার ওনার স্বপ্ন বাস্তবায়ন করছে। মুখ্যমন্ত্রী বলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর শিক্ষা ক্ষেত্রে ত্রিপুরার অগ্রগতি চেয়েছিলেন। কিন্তু দেখা গেছে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে পূর্বতন সরকার সহ কোন রাজনৈতিক দলের সরকারই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যকে নিয়ে কোনরকম উচ্চবাক্য করে নি। তিনি ত্রিপুরা রাজ্যের জন্য যে কাজ করেছেন সেগুলি যাতে মানুষ না জানতে পারে তার জন্য তৎকালীন সরকাররা চেষ্টা করেছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য সর্বশেষ রাজা ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তিনি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে এসে ত্রিপুরাকে আধুনিক রুপ দেওয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি ত্রিপুরার জাতি জনজাতির মধ্যে সৌভ্রাতৃত্ব যাতে বজায় থাকে তার জন্য চেষ্টা করেছিলেন। তৎকালীন সময়ে ঢাকা শহরে যখন দাঙ্গা সৃষ্টি হয়েছিল তখন সেই দেশ থেকে আগত অসহায় মানুষকে থাকা খাওয়ার বন্দোবস্ত করেছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য।
একই সাথে উনার সমস্ত ধর্মের প্রতি আস্থা ছিল। তাই ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলে জানান মুখ্যমন্ত্রী। ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৭ তম জন্ম জয়ন্তী উদযাপন করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি -র সহ সভাপতি সুবল ভৌমিক, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও এডিসির এমডিসি বিদ্যুৎ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। এদিন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান দলীয় নেতৃত্ব। প্রদেশ বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক বক্তব্যের মধ্য দিয়ে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের বিষয়ে তুলে ধরেন। যথাযথ মর্যাদার সাথে আধুনিক রূপকারের জন্ম জয়ন্তী উদযাপন করা হয়।

