স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ আগস্ট : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে ভোট চুরির অভিযোগ তুলে আন্দোলনে নামতে চলেছে প্রদেশ কংগ্রেস। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা বলেন, দেশে মানুষের সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সরকারের সাথে মানুষের ভোটাধিকার হরণ করার ষড়যন্ত্রে যুক্ত হয়েছে নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে কংগ্রেস প্রতিবাদী ভূমিকা পালন করছে গোটা দেশে।
এরই অঙ্গ হিসেবে গোটা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। একই সাথে ত্রিপুরা রাজ্যে আগামী ২২ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ভোট চোর মোদি চোর। রাজ্যের প্রধান শহর সহ রাজধানীতে এই কর্মসূচি সংঘটিত করবে কংগ্রেস। রাজ্যের নয়টি জেলা সহ আগরতলা শহরে এই কর্মসূচি সংগঠিত করা হবে। তিনি আরো জানিয়েছেন, ২২ আগস্ট উদয়পুর থেকে এই কর্মসূচি শুরু হবে। রাজ্যভিত্তিক মিছিল হবে ৩০ আগস্ট। এই মিছিল আগরতলা শহরে হবে। সারা রাজ্যে কংগ্রেসের জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব ও কর্মী সমর্থক এসে অংশ নেবে আগরতলা শহরের মূল কর্মসূচিতে। ৬ সেপ্টেম্বর সমাপ্ত কর্মসূচি হবে কৈলাসহর শহরে। আরো বলেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করছেন ২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদির নেতৃত্বধীন বিজেপি সরকার বিভিন্ন রাজ্যের নির্বাচনে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে, অর্থ ও বাহুবল প্রয়োগ করে ক্ষমতায় আসার চেষ্টা করছেন।
এবং এই দীর্ঘ সময় অতিক্রম করে বর্তমানে নির্বাচন কমিশনকে শাসক দল হাতের কাঠের পুতুল বানিয়ে এবার ভোট হরন করার জন্য সরাসরি নির্বাচন কমিশনকে শাসকদলের শাখা সংগঠন রূপে কাজে লাগাতে চাইছে। সাংবাদিক সম্মেলন থেকে তিনি সতর্ক করে দেন ত্রিপুরা রাজ্যে কোন বৈধ ভোটারকে বিদেশি ভোটার হিসেবে চিহ্নিত করা যাবে না। আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা ও প্রদেশ মহিলা কংগ্রেস সভাপতি সর্বাণী ঘোষ।

