স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ আগস্ট : ৭৯ তম স্বাধীনতা দিবস, ঋষি অরবিন্দের ১৫৩ তম জন্ম দিবস উদযাপন এবং অরবিন্দ সংঘের ৭০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজধানীর অরুন্ধতী নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন অরবিন্দ সংঘ ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্ত দান করলে রক্ত দাতার উপকার হয়। রক্তদান স্বাস্থ্যের জন্য ভালো। একজন পুরুষ ব্যক্তি বছরে চার বার রক্তদান করতে পারে।
অপরদিকে একজন মহিলা বছরে তিন বার রক্তদান করতে পারে। প্রতিটি মানুষের শরীরে প্রয়োজনের অতিরিক্ত রক্ত থাকে। রক্তদানের বিষয়ে মানুষকে আরও বেশি করে সচেতন করতে হবে। ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় সমস্যা ড্রাগস। বর্তমানে যুবক যুবতীরা ড্রাগসের নেশায় আসক্ত হয়ে পড়ছে। ড্রাগসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার। আরক্ষা প্রশাসন ড্রাগস বিক্রতাদের গ্রেপ্তার করে যাচ্ছে ধারাবাহিক ভাবে। পাশাপাশি যারা ড্রাগস মাফিয়া রয়েছেন তাদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের স্বার্থে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে সরকার। ড্রাগসের বিরুদ্ধে ক্লাব সামাজিক সংস্থা গুলিকেও কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এইদিন অপারেশন সিদুরের কথা তুলে ধরে বলেন প্রধানমন্ত্রী বারে বারে বলছেন ভারত পাকিস্তানের নাগরিকদের বিরুদ্ধে লড়াই করছে না। ভারত লড়াই করছে উগ্রবাদিদের বিরুদ্ধে।
প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন উগ্রবাদ আর বাণিজ্য এক সাথে চলতে পারে না। রক্ত আর জল একসাথে চলতে পারে না। বর্তমানে বেহাল অবস্থা পাকিস্তানের। অর্থনীতির দিক থেকে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। অনুরূপ ভাবে ত্রিপুরা রাজ্যও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। আগামিদিনে বিশ্বের মধ্যে ভারত তৃতীয় অর্থনীতির দেশ হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইদিনের রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানি সরকার, স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন। এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন।

