স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুলাই :ফের আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে। কারণ রবিবার রাতে এনসিসি থানার অন্তর্গত শালবাগান এলাকায় ঘটে যায় একটি অনভিপ্রেত ঘটনা। ঘটনার বিবরণে জানা যায় রবিবার রাতে খোকন দাস ও রাকেশ দেবনাথ নামে দুই ব্যক্তি শালবাগান এলাকায় এক দোকানে পেট্রোল ক্রয় করতে যায় বাকিতে। কিন্তু দোকানদার বাকিতে পেট্রোল বিক্রয় করতে অস্বীকার করে। তখন রাকেশ দেবনাথ ও খোকন দাস ঐ দোকানদারকে ধারালো দা দিয়ে আঘাত করে।
এতে গুরুতর ভাবে আহত হয় দোকানদার। ঘটনার খবর পেয়ে এনসিসি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এবং আহত দোকানদারকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। এনসিসি থানার ওসি জানান আহত দোকানদারকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর শালবাগান এলাকার লোকজন অভিযুক্ত রাকেশ দেবনাথ ও খোকন দাসকে বেধড়ক ভাবে মারধর করে। এতে তারাও গুরুতর ভাবে আহত হয়। তাদেরকেও নিয়ে জাওয়া হয় জিবি হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক রাকেশ দেবনাথকে মৃত ঘোষণা করে দেন। অপরদিকে আহত খোকন দাস জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে এনসিসি থানায় মামলা পাল্টা মামলা দায়ের হয়েছে।
রাকেশ দেবনাথের মৃত্যুর ঘটনায় সোমবার ভোরে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি বাইক উদ্ধার করা হয়েছে। সোমবার ধৃত দুই জনকে আদালতে সোপর্দ করে এনসিসি থানার পুলিশ। ধৃতরা হল রাজীব সাহা ও তাপস ঘোষ। এইদিকে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল ও ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বাইক থেকে নমুনা সংগ্রহ করে। গোটা ঘটনার তদন্তে নেমেছে এনসিসি থানার পুলিশ। এই ঘটনার সময় ব্যবহৃত অস্ত্র এবং বাইক উদ্ধার করেছে এনসিসি থানার পুলিশ। তদন্তে করেছে ফরেনসিক টিম। সূত্রের খবর বামুটিয়া মণ্ডল সভাপতি ইতিমধ্যে অভিযুক্তদের বাঁচাতে থানায় দৌড়ঝাঁপ শুরু করেছেন। আইনের ধারা দুর্বল করার জন্য যতদূর যাওয়ার তত দূর গেছেন তিনি।

