স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ জুন : রাজধানীর উমাকান্ত একাডেমীর মাঠ থেকে বুধবার মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষ্যে এক বাইক মিছিল আয়োজন করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের। এইদিন সবুজ পতাকা নেড়ে বাইক মিছিল সুচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরবর্তী সময় তিনি রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন।
এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান ১৯৮৭ সালের ২৫ জুন রাষ্ট্র সংঘ মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। মাদক দ্রব্যের অপব্যবহার সমগ্র বিশ্ব জুড়ে সমস্যার কারন। ত্রিপুরা রাজ্যের তিন দিকে বাংলাদেশ। ত্রিপুরা রাজ্যকে করিডোর হিসাবে ব্যবহার করে মাদক দ্রব্য পাচার করা হয়। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলিকে নির্দেশ দিয়েছেন নেশার বিরুদ্ধে আপোষ হীন নীতি নিয়ে কাজ করার জন্য। নেশার বিরুদ্ধে সচেতন করার লক্ষ্য এইদিন এক বাইক র্যারলির আয়োজন করা হয়েছে। নেশার বিরুদ্ধে মানুষকে প্রতিদিন সচেতন করতে হবে। নেশার কারনে ত্রিপুরা রাজ্যের ছেলে মেয়েরা এইডস-এ আক্রান্ত হচ্ছে। বিধানসভায় একটি কমিটি গঠন করা হয়েছে মানুষকে সচেতন করার জন্য। ২০২৪-২৫ সালে ত্রিপুরা রাজ্যে বিপুল পরিমাণ মাদক দ্রব্য বাজেয়াপ্ত ও ধ্বংস করা হয়েছে। সিমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরাও সিমান্তে নজর দারি চালাচ্ছে। নেশার বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তর, আরক্ষা দপ্তর সহ অন্যান্য দপ্তর গুলি কাজ করে যাচ্ছে। নেশার বিরুদ্ধে ত্রিপুরা সরকার আপোষ হীন নীতি নিয়ে কাজ করে যাচ্ছে। নেশা বাণিজ্যের সাথে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক, পশ্চিম জেলার জেলা শাসক, পশ্চিম জেলার পুলিস সুপার সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন।

