স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ মে :ভারতের সশস্ত্র বাহিনীকে সম্মান জানাতে দেশব্যাপী ‘তিরঙ্গা যাত্রা’ কর্মসূচির ডাক দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। মঙ্গলবার থেকেই গোটা দেশে এই কর্মসূচি পালন করছে দেশের আপামর জনগন। তিরঙ্গা যাত্রা জাতীয় গর্ব এবং ঐক্যের অনুভূতি জাগানোর কর্মসূচি। বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে স্বীকৃতি দেওয়ার উপর গুরুত্ব দেওয়ার লক্ষেই এই জাতীয় কর্মকান্ড। দেশব্যাপী এই তিরঙ্গা যাত্রা ১৩ মে থেকে আগামী ২৩ মে পর্যন্ত চলবে, দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। একটি গুরুত্বপূর্ণ দেশব্যাপী প্রচার প্রচেষ্টার অংশ হিসেবে, ভারতীয় জনতা পার্টি ভারতের সশস্ত্র বাহিনীর সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে, বিশেষ করে সম্প্রতি সমাপ্ত এবং সফল ‘অপারেশন সিন্দুর’-এর আলোকে, ১১ দিনব্যাপী ‘তিরঙ্গা যাত্রা’ শুরু করবে। এরই অঙ্গ হিসেবে, ভারতমায়ের বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার আগরতলার রাজপথে প্রদেশ বিজেপির তরফ থেকে তিরঙ্গা যাত্রা বের করা হয়। এদিনের যাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য্য, মন্ত্রী টিংকু রায়, বিধায়ক মীনা রানী সরকার সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী বলেন, অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার তীব্র প্রতিবাদে এবং পহেলগাঁওয়ে পৈসাচিক ও নিষ্ঠুরভাবে উগ্রবাদী হামলার যোগ্য জবাব পাকিস্তানকে দিতে ভারতীয় বীর সেনাদের অপারেশন সিঁদুর’-এর সাফল্যে আগরতলা শহরের রাজপথে বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয়েছে । তাঁর কথায়, গত ২২ এপ্রিল পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটক নিহত হয়েছে। এই নৃশংসভাবে হত্যাকান্ডের জন্য প্রধানমন্ত্রী অপারেশনটির নাম দিয়েছেন অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে ভারতীয় সেনাবাহিনীর অদম্য সাহস ও বীর পরাক্রমে পাকিস্তানের বিরুদ্ধে নির্ণায়ক জয় লক্ষ্য করেছে ভারত। সেনাবাহিনীর পরাক্রমের পাশাপাশি প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্তের কারণেই তা সম্ভব হয়েছে। তাই পাকিস্থানের মদতপুষ্ট কাপুরুষোচিত ও বর্বর হত্যালীলার বিরুদ্ধে দেওয়া যোগ্য জবাব ‘অপারেশন সিঁদুর’ কে কুর্ণিশ জানিয়ে সুশীল সমাজের সকল অংশের নাগরিকদের বিপুল উপস্থিতিতে সুবিশাল তিরঙ্গা র্যালিতে আগরতলায় সাড়া জাগিয়েছে।

