স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ ফেব্রুয়ারি :এক নিশ্চিত সুন্দর, উজ্জ্বল ভবিষ্যৎ-এর লক্ষ্যে নেশা, জুয়া, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত ত্রিপুরা গড়তে প্রজন্ম বাঁচানোর ডাক দিল ডি.ওয়াই.এফ.আই ও টি.ওয়াই.এফ। শুক্রবার মেলারমাঠ ছাত্র-যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে দ্বিতীয় দফায় এই কর্মসূচি পালনের দিনক্ষণ ঘোষণা করা হয়।
একই সাথে এই কর্মসূচিকে সামনে রেখে একটি থিম সং-এর প্রকাশ করা হয় এইদিন। থিম সং-টির আনুষ্ঠানিক প্রকাশ করেন চিত্রশিল্পী স্বপন নন্দী ও নবীন প্রজন্মের চিকিৎসক সৌরভ দেব। প্রথম পর্যায়ের পর দ্বিতীয় পর্যায়ে এই কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী ৮ ফেব্রুয়ারি সকালে ড্রপ গেট এলাকার বিদ্যাসাগরের মূর্তির পদদেশ থেকে একটি পদযাত্রা সংগঠিত করা হবে। এই পদযাত্রা শেষ হবে উজ্জয়ন্ত প্রসাদের সামনে ক্ষুদিরাম এবং সূর্যসেনের মূর্তির পাদদেশে। পদ যাত্রার সূচনা করবেন প্রাক্তন রঞ্জি খেলোয়াড় অরূপ দেববর্মা। সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানান ডি.ওয়াই.এফ.আই-র রাজ্য সভাপতি পলাশ ভৌমিক।

