স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ ডিসেম্বর : বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জোলাইবাড়ী মোটরস্ট্যান্ডে সরকারিভাবে সহায়ক মূল্যে ধান ক্রয়ের কাজ শুরু হয়। বৃক্ষে জল দিয়ে ধান ক্রয়ের শুভ সূচনা করেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, শান্তির বাজার মহকুমাশাসক কে সি গুপ্তা, জোলাইবাড়ী কৃষিদপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান বর্তমান রাজ্য সরকার কৃষকদের আয় দ্বীগুন করারলক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিগত বাম আমলে কৃষকদের কোনো প্রকার সহায়তা করা হতো না। বাম আমলে কৃষকদের ধান উৎপাদন হলে বিশেষ তহবিলের নামে চাঁদা সংগ্রহ করা হতো। বাম আমলে কৃষকদের দিয়ে বিভিন্ন আন্দোলন সংগঠিত করতো। বর্তমান সময়ে রাজ্যে পালা বদলের পর রাজ্য সরকার কৃষকদের উন্নয়ন স্বার্থে কাজ করে যাচ্ছে। কৃষকদের জন্য কৃষান সন্মান নিধি প্রকল্প চালু করা হয়েছে। কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হচ্ছে।
তার পাশাপাশি কৃষকদের উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকারের কৃষিজ যন্ত্রপাতি বিতরন করছে। গত আগষ্ট মাসে ভয়াবহ বন্যায় কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। এই পরিমানে ক্ষতির পরেও কৃষিদপ্তরের কর্মীদের অক্লান্ত পরিশ্রমে কৃষকরা পুনরায় ধান উৎপাদন করে সফলতা অর্জন করেছে। আগামী ৩ জানুয়ারী পর্যন্ত চলবে এই ধান ক্রয়ের কাজ। প্রতিকেজি ২৩ টাকা করে ধান ক্রয়ের কাজ চলছে বলে জানান মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। জোলাইবাড়ী বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা নিজেদের উৎপাদিত ধান নিয়ে বিক্রি করার জন্য ভিড় জমায়। এইভাবে সরকারি মূল্যে ধান বিক্রি করতে পেরে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

