Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরার সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ত্রিপুরার সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ত্রিপুরার সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ মার্চ (হি.স.) : ত্রিপুরার সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অতিরিক্ত ৫ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা । সোমবার বিধানসভায় বাজেট পেশের পরই তিনি এই ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে এবং এর ফলে রাজ্য সরকারের প্রায় ৫০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে।

মুখ্যমন্ত্রী জানান, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের মোট ১ লক্ষ ২ হাজার ৫৬৩ জন নিয়মিত কর্মচারী উপকৃত হবেন। পাশাপাশি ৮১ হাজারেরও বেশি অবসরপ্রাপ্ত কর্মচারীও এই মহার্ঘ ভাতার সুবিধা পাবেন। তিনি আরও জানান, রাজ্যের অনিয়মিত কর্মচারীরাও এই ঘোষণার আওতায় আসবেন।

বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে কর্মচারীদের মধ্যে চাপা অসন্তোষ ও জল্পনা চলছিল। সেই প্রেক্ষাপটে সোমবার বিধানসভায় বাজেট পেশের পর মুখ্যমন্ত্রীর এই ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ঘোষণার সঙ্গে সঙ্গেই বিধানসভার ট্রেজারি বেঞ্চের সদস্যরা টেবিল চাপড়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানান।

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবর মাসে রাজ্য সরকার কর্মচারীদের জন্য ৩ শতাংশ ডিএ ঘোষণা করেছিল। সেই সময় রাজ্যের কর্মচারীরা মোট ৩৬ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় তখন ডিএ প্রাপ্তির ক্ষেত্রে প্রায় ২২ শতাংশের ব্যবধান ছিল। নতুন করে ৫ শতাংশ ডিএ ঘোষণার ফলে সেই ব্যবধান কমে দাঁড়াল প্রায় ১৭ শতাংশে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান