স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ আগস্ট :ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয় বুধবার। রোগীর নাম সুভাষ সরকার। বাড়ি ধনপুর শঙ্খ কলোনি এলাকায়।চিকিৎসকের দাবি হার্ট এবং কিডনি জনিত রোগের কারণে মৃত্যু হয়েছে। জানা যায় গত ২৭ জুলাই ধনপুর হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত এই রোগীকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছিল।
কিন্তু বাড়ির লোকেরা নিয়ে আসে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে। এখন মৃত্যু হয় এই ব্যক্তির। এদিকে জানা যায়, সিপাহীজলা জেলায় ডেঙ্গুর প্রথম প্রাদুর্ভাব দেখা দিলেও বর্তমানে প্রায় প্রতিটি জেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। তবে সিপাহীজলা জেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব এখনো বেশি রয়েছে। প্রায় প্রতিদিন সিপাহীজলা জেলা থেকে ডেঙ্গু আক্রান্ত রোগী জিবি হাসপাতালে চিকিৎসার জন্য আসছে। বর্তমানে জিবি হাসপাতালে ৩০ থেকে ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এই সংবাদ জানান জিবি হাসপাতালের এমএস। তিনি আরও জানান একই জায়গায় বারে বারে ডেঙ্গু হচ্ছে না। ফলে ডেঙ্গুর ভয়াবহতা কিছুটা কম রয়েছে। ধনপুর থেকে আসা ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর অবস্থা কিছুটা সঙ্কট জনক ছিল। বর্তমানে সেই রোগীর অবস্থা স্থিতিশীল বলেও জানান তিনি। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য জিবি হাসপাতালের কোভিড ওয়ার্ডে ব্যবস্থা করা হয়েছে।

