স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুলাই : শাসক দলের গোষ্ঠী কোন্দল ক্রমশ বেড়ে চলেছে। ৬ আগরতলা মন্ডলের অন্তর্গত অভয়নগর এলাকার এক বিজেপি কর্মীর বাড়িতে রাতের বেলায় বোমা নিক্ষেপ করল শাসক দলের দুর্বৃত্তরা। অভিযোগের কাঠগড়ায় খোদ যুব মোর্চা ৬ আগরতলা মণ্ডলের সভাপতি। বোমা নিক্ষেপ করতে এসে হাতেনাতে ধরা খেয়ে দুই দুষ্কৃতি নিজের মুখে স্বীকার করে তাদেরকে যুব মোর্চা ৬ আগরতলা মণ্ডলের সভাপতি পাঠিয়েছে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ৬ আগরতলা কেন্দ্রে সুবিধা করতে পারে নি বিজেপি। তারপর দলের সাংগঠনিক স্তরে একাধিক পরিবর্তন আনা হয়। দলের ৬ আগরতলা মণ্ডলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বের পরিবর্তন করা হয়। কিন্তু তারপরও কোথাও যেন ঘাটতি রয়েছে। তা না হলে কেন বিজেপি কর্মীর বাড়িতে রাতের বেলায় ব্যোম নিক্ষেপ করা হল। ৬ আগরতলা মণ্ডলের অন্তর্গত অভয়নগর এলাকার বাসিন্দা স্বপন দেব। স্বপন দেবের ছেলে সবস্তিক দেব দীর্ঘ দিন ধরে বিজেপি দলের সাথে যুক্ত। কিন্তু রবিবার রাতে ২০ থেকে ২৫ জন দুষ্কৃতি সংঘবদ্ধ ভাবে হামলা চালায় স্বপন দেবের বাড়িতে। তখন স্বপন দেবের ছেলে সবস্তিক দেব বাড়িতে ছিল না। বাড়িতে দুষ্কৃতিরা আক্রমণ করেছে খবর পেয়ে ছুটে আসে সবস্তিক দেব। বোম নিক্ষেপের শব্দ শুনতে পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে এলাকার লোকজন। তখন দুষ্কৃতিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কিন্তু এলাকার লোকজন দুই দুষ্কৃতিকে আটক করে ফেলে। ধৃত দুই দুষ্কৃতিকে এলাকার লোকজন উত্তম মধ্যম দিতেই তাঁদের মুখ থেকে বেরিয়ে আসে সত্য। তারা সকলের সামনে স্বীকার করে তাদেরকে পাঠিয়েছে যুব মোর্চা ৬ আগরতলা মণ্ডলের সভাপতি সঞ্জয় ঘোষ। এইদিকে স্বপন দেবের ছেলে সবস্তিক দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন দুষ্কৃতিরা বাড়িতে ইট পাটকেল ও বোমা নিক্ষেপ করেছে। এমনকি গুলিও চালিয়েছে। এই ঘটনায় পরিবারের লোকজন আতঙ্কিত বলেও জানান তিনি। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরবর্তী সময় এলাকাবাসীরা ধৃত দুই দুষ্কৃতিকে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

