স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুলাই : আবারো জিবি হাসপাতালে ডায়ালিসিস বিভাগে অগ্নিকান্ড। ঘটনার খবর পেয়ে ছুটে যায় দমকল কর্মীরা। ঘটনায় জানা যায়, শনিবার জিবি হাসপাতালের বিদ্যুতের শট-সার্কিটের ফলে একটি বিদ্যুতের বোর্ডে আগুন লেগে যায়। দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর এক কর্মী জানান ওনাদের নিকট খবর যায় জিবি হাসপাতালের ডায়ালেসিস ওয়ার্ডে অগ্নিসংযোগ ঘটেছে।
এই খবর পেয়ে দ্রুত ওনারা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান একটি বিদ্যুৎ-এর বোর্ড থেকে ধুয়া বের হচ্ছে। সাথে সাথে ওনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও জানান বিদ্যুৎ-এর শটসার্কিটের ফলে এই অগ্নিসংযোগ ঘটেছে। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি। হাসপাতালের রোগীদেরও কোন ধরনের সমস্যা হয়নি। এই অগ্নিকাণ্ডের ফলে এইদিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ডায়ালিসিস বিভাগের এক কর্মী জানান যে সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এর পাশেই রুমেই চলছিল রোগীদের ডায়ালিসিস।
যদি দমকলের কর্মীরা সঠিক সময় ঘটনাস্থলে না আসতো তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। আগুনের খবর ছড়িয়ে পড়তেই রোগীর পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং প্রাণের ভয়ে সকলে হাসপাতালে বাইরে চলে আসে। এক বছর আগে একই ধরনের অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছিল। ডায়ালিসিস ওয়ার্ডে শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা দ্বিতীয়বার। প্রশ্ন উঠতে শুরু করেছে ডায়ালিসিস বিভাগে বিদ্যুৎ ত্রুটি রয়েছে কিনা? নাহলে ইতিমধ্যে দুবার অগ্নিকাণ্ডের ঘটনা কীভাবে ঘটে?

