স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জুলাই : রথযাত্রার আনন্দমুখর পরিবেশ মুহূর্তেই ম্লান হয়ে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর আমতলী এলাকায় রথের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় একটি অল্টো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ৫৫ বছর বয়সি যতীন্দ্র সরকার। স্থানীয় সূত্রে জানা যায়, রথের দড়ি টেনে বাড়ি ফেরার উদ্দেশ্যে রথের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন যতীন্দ্র সরকার। সেই সময় আমবাসা এলাকার বাসিন্দা শিশুরঞ্জন বিশ্বাসের চালিত TR 01 C K0410 নম্বরের একটি অল্টো গাড়ি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁকে ধাক্কা মারে।
দুর্ঘটনায় যতীন্দ্র সরকারের পায়ে গুরুতর আঘাত লাগে এবং তাঁর বা পা ভেঙে যায় বলে জানা গেছে। দুর্ঘটনার পর গাড়ির চালক শিশুরঞ্জন বিশ্বাস উনার নিজ গাড়িতে করেই আহত ব্যক্তিকে নিয়ে দ্রুত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। পরবর্তীতে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরাও সহায়তা করেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আহত ব্যক্তির চিকিৎসা শুরু করেন। রথযাত্রার মতো ধর্মীয় উৎসবের দিনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

