স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ নভেম্বর : ভারতীয় মজদুর সংঘের বাড়াবাড়িতে অতিষ্ঠ যান চালকরা। জোর করে গাড়িতে স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে, চলছে চাঁদা আদায় এবং বি এম এস ছাড়া অন্য কোন সংগঠনের সমর্থন করতে দেওয়া হচ্ছে না যান চালকদের। অতিষ্ঠ হয়ে পূর্ব থানা ঘেরাও করলো অসহায় অটো চালকরা। যদিও পুলিশের কাছে সাধারণভাবে তারা এই দিন অভিযোগ জানাতে পারতো, কিন্তু তা করেনি, কারণ পুলিশের সামনেই প্রতিদিন চলছে এ ধরনের জ্বালা যন্ত্রণা। কিন্তু পুলিশ শাসক দলের সংগঠন নেতাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। তাই এবার থানা ঘেরাও করে জবাব চাইলো অটো চালকরা। উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানায় জিবি অটো স্ট্যান্ডের অটো চালকরা।
অটো চালকরা জানান দীর্ঘ দিন ধরে সুশান্ত সরকার ওরফে লিটন মোদক নামে এক বি এম এস নেতা দীর্ঘদিন ধরে তাদের উপর জুলুমবাজি করছে। জিবি-চন্দ্রপুর, জিবি-ধলেশ্বর, জিবি-মোটরস্ট্যান্ড সড়কের অটো চালকদের প্রতিনিয়ত সে হুমকি প্রদর্শন করে, তাদের কাছ থেকে অর্থ আদায় করে নিয়ে যাচ্ছে। অভিযুক্ত সমাজদ্রোহী নিজেকে শাসক দলের শ্রমিক সংগঠনের নেতৃত্ব পরিচয় দিয়ে এই জুলুমবাজি করে আসছে দীর্ঘ সাড়ে চার বছর ধরে। মাঝ রাস্তায় সে অটো থামিয়ে অটো থেকে যাত্রীদের টানা হেঁচড়া করে নামিয়ে নিয়ে যায়। এমনকি অভিযুক্ত সমাজদ্রোহী অটো যাত্রীদের সাথে দুর্ব্যবহার করে বলেও অভিযোগ। তাই এক প্রকার অতিষ্ঠ হয়ে এইদিন জিবি অটো স্ট্যান্ডের অটো চালকরা পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানান।
শ্রমিকরা আরও জানান রাজ্য সরকার বলছে শ্রমিকদের কাছ থেকে কোন ধরনের চাঁদা আদায় করা যাবে না, তাহলে কেন এ ধরনের চাঁদাবাজি করে সরকারকে কালিমা লিপ্ত করছে সংগঠনের নেতা। বিষয়টি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চায় বলে জানান তারা। এইদিন জিবি অটো স্ট্যান্ডের অটো চালকদের পক্ষ থেকে পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রদানের পর পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় বিষয়টি খতিয়ে দেখা হবে। এখন দেখার পুলিশ অভিযুক্ত সমাজদ্রোহীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে।

