স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২৮ নভেম্বর : আগরতলা শহরের বুক চিরে দাঁড়িয়ে থাকা ফ্ল্যাট
নিয়ে প্রতিদিন অসহ্য যন্ত্রণা ভোগ করছেন সাধারণ মানুষ। এবার অভিযোগ উঠেছে কাশীপুরের
শুভম সলিটেয়ার আবাসনে ফ্ল্যাট রেজিস্ট্রেশন, হস্তান্তর এবং কমন মেইনটেন্যান্স চার্জের
হিসাব নিয়ে। তাদের অভিযোগ, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাট রেজিস্ট্রেশন
ও হস্তান্তর করার কথা থাকলেও তা সময়মতো করা হয়নি। চুক্তিতে নির্ধারিত সময়ের পরে
বিলম্ব হলে ২ শতাংশ হারে সুদ দেওয়ার শর্তও ছিল বলে দাবি তাদের।এদিন নিজেদের দাবি নিয়ে
ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে গেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বলা হয় বলেও অভিযোগ করেন
তাঁরা। ফ্ল্যাট মালিকদের দাবি, অনেকেই ব্যাঙ্ক ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছেন।
নির্ধারিত সময়ে
রেজিস্ট্রেশন ও হস্তান্তর না হওয়ায় তাঁদের অতিরিক্ত সুদের বোঝা বহন করতে হচ্ছে। চুক্তিতে
উল্লেখ থাকা ২ শতাংশ বিলম্বজনিত সুদের অর্থ কে বহন করবে, সেই প্রশ্নও তুলেছেন তারা।
পাশাপাশি, আবাসনটি সম্পূর্ণ আবাসিক কমপ্লেক্স হওয়া সত্ত্বেও সেখানে বাণিজ্যিক উদ্দেশ্যে
অফিস ভাড়া দেওয়ার অভিযোগও তুলেছেন ফ্ল্যাট মালিকরা। তাদের বক্তব্য, আবাসিক কমপ্লেক্সের
ভিতরে বাণিজ্যিক কার্যকলাপ পরিচালনার অনুমতি কীভাবে দেওয়া হচ্ছে, তা স্পষ্ট করা প্রয়োজন।
ফ্ল্যাট মালিকদের দাবি, শুভম সলিটেয়ার আবাসনে প্রায় ৩৩০ থেকে ৩৫০ টি ফ্ল্যাট রয়েছে।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে না।
অবিলম্বে রেজিস্ট্রেশন, হস্তান্তর, মেইনটেন্যান্সের পূর্ণাঙ্গ
হিসাব এবং বিলম্বজনিত সুদের বিষয়ে ম্যানেজমেন্টের স্পষ্ট জবাব দাবি করেছেন তারা। দাবি
পূরণ না হলে রাস্তায় বসে প্রতিবাদ জানানোরও হুঁশিয়ারি দিয়েছেন ফ্ল্যাট মালিকদের
একাংশ। কেউ কেউ আবার আদালতের দ্বারস্থ হতে পারে বলে জানান। অপরদিকে আরো অভিযোগ, ফ্ল্যাটের
পেছনে হাওড়া নদীর বিস্তীর্ণ জায়গা নিয়ে একটি গার্ড দেওয়াল নির্মাণ করা হয়েছে।
এতে করে নদীর নাব্যতার উপর আঘাত আসার পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
বিশেষ করে প্রশাসনকে কাজে লাগিয়ে এ ধরনের কার্যকলাপ সংঘটিত করেছে সংশ্লিষ্ট নির্মাণকারী
সংস্থা। এর পেছনে বড় অর্থ আদান-প্রদান হয়েছে বলেও মনে করছেন অনেকে। নাহলে হাওড়া
নদীর উপর এত বড় আঘাত আনতে পারে না এই সংস্থা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান