স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২৮ নভেম্বর : হাসপাতাল বন্ধ থাকার ফলে গত দুই দিন হাসপাতাল
থেকে কোনো ধরনের চিকিৎসা পরিসেবা পাওয়া যায় নি। খোদ জেলার সদর কৈলাসহর শহরে অবস্থিত
পশু হাসপাতালে এই চিত্র প্রকাশ্যে এসেছে। পশু
পালকরা পশু নিয়ে হাসপাতালে এসে স্বাস্থ্য পরিষেবা না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন এবং
তীব্র ক্ষোভ প্রকাশ করেন। শনিবার সকাল সোয়া ৯ টায় কৈলাসহরের কনকপুর গ্রামের পশু পালক
হোছনা বেগম তার অসুস্থ ছাগল নিয়ে জেলা পশু হাসপাতালে আসেন। শহরের বৌলাপাশা এলাকার
পশু পালক সৌতম বিশ্বাস সকাল সাড়ে ৯টায় তার অসুস্থ কুকুর নিয়ে এসেছিলেন জেলা পশু হাসপাতালে।
চিরাকুটি এলাকার পাশু পালক উপেন্দ্র সিনহা সকাল ১০টায় তার
অসুস্থ গরু নিয়ে জেলা হাসপাতালে এসেছিলেন। পশু পালক উপেন্দ্র সিনহা জানান যে, তারা
সকলেই তাদের অসুস্থ পশুদের নিয়ে জেলা হাসপাতালে এসেছিলেন চিকিৎসা পরিসেবা নেওয়ার জন্য।
কিন্তু হাসপাতালে আসার পর দেখেন হাসপাতালটি তালাবন্দী । এছাড়া আরও অনেক পশু পালক তাদের
অসুস্থ পশুদের নিয়ে এসেছিলেন। কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করে ক্ষোভ প্রকাশ
করে স্বাস্থ্য পরিসেবা না নিয়ে বাড়িতে চলে গেছেন বলেও জানান উপেন্দ্র সিনহা। প্রতিদিন
সকাল নয়টা থেকে জেলা পশু হাসপাতালে চিকিৎসা পরিসেবা দেওয়ার কথা থাকলেও চিকিৎসক সহ স্বাস্থ্য
কর্মীরা কেউ হাসপাতালে আসেন নি। আরও গুরুতর অভিযোগ যে, শুক্রবার শহর এলাকায় ভোট থাকার
কারনে চব্বিশ ঘণ্টা কৈলাসহরের জেলা পশু হাসপাতালটি বন্ধ ছিলো। তাছাড়াও, ভোটের আগের
দিন ও নাকি পশু হাসপাতালটি বন্ধ ছিলো। যেকোনো মানুষ যেকোনো সময় অসুস্থ হতেই পারে, সেজন্য
অসুস্থ মানুষদের জন্য চব্বিশ ঘণ্টাই হাসপাতাল খোলা থাকে কিংবা হাসপাতালের ইমারজেন্সি
বিভাগ খোলা থাকে।
একইভাবে, যেকোনো
পশু যেকোনো মুহুর্তে অসুস্থ হতেই পারে। তারজন্য পশু হাসপাতাল খোলা থাকবে না নাকি? চিকিৎসক
সহ স্বাস্থ্য কর্মীরা নিজেদের প্রয়োজনে কিংবা ব্যক্তিগত কারনে ছুটি নিতেই পারেন। তারজন্য
হাসপাতালের চিকিৎসা পরিসেবা বন্ধ থাকবে নাকি? শহর এলাকার পশু হাসপাতালের যদি এই অবস্থা
হয়ে থাকে তাহলে, প্রত্যন্ত গ্রামীণ এলাকায় কিংবা এডিসি এলাকার পশু হাসপাতালের কি অবস্থা
তা সহজেই অনুমেয় করা যায়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান