Saturday, November 28, 2026
বাড়ি রাজ্য কাজের দাবিতে সড়কে তিপ্রা মথার কর্মী-সমর্থকরা, গাছবাগানে অবরোধে স্তব্ধ গন্ডাছড়া-অমরপুর সড়ক

কাজের দাবিতে সড়কে তিপ্রা মথার কর্মী-সমর্থকরা, গাছবাগানে অবরোধে স্তব্ধ গন্ডাছড়া-অমরপুর সড়ক

কাজের দাবিতে সড়কে তিপ্রা মথার কর্মী-সমর্থকরা, গাছবাগানে অবরোধে স্তব্ধ গন্ডাছড়া-অমরপুর সড়ক

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২৮ নভেম্বর : রেগার কাজ বণ্টনকে কেন্দ্র করে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল ধলাই জেলার গন্ডাছড়ায়। কাজ বরাদ্দে বৈষম্যের অভিযোগ তুলে শনিবার সকাল থেকে গন্ডাছড়া-অমরপুর সড়কের গাছবাগান এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন তিপ্রা মথার কর্মী-সমর্থকরা। ঘটনাকে ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।

জানা যায়, ডুম্বুর নগর আর.ডি ব্লকের অধীন লক্ষ্মীপুর পঞ্চায়েত এলাকায় রেগার কাজ বণ্টন নিয়ে দীর্ঘদিনের ক্ষোভকে সামনে রেখে এদিন সড়কে নামেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, বিজেপির কর্মী-সমর্থকদের তুলনায় তিপ্রা মথার কর্মী-সমর্থকদের রেগার কাজ কম দেওয়া হচ্ছে। কাজের ক্ষেত্রে এই বৈষম্য বন্ধ করে ন্যায্য বণ্টনের দাবিতে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান তারা। অবরোধের কারণে গন্ডাছড়া-অমরপুর সড়কে বহু যানবাহন আটকে পড়ে। দুর্ভোগের শিকার হন যাত্রী ও সাধারণ পথচলতি মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ব্লক প্রশাসনের আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে সেখানে উপস্থিত হন বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং ও এমডিসি খত্রজয় রিয়াং।প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়ার পর অবশেষে অবরোধ প্রত্যাহার করা হয়। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, রেগার কাজ বণ্টন নিয়ে ফের টালবাহানা কিংবা বৈষম্যের অভিযোগ উঠলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। ফলে কাজ বণ্টনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha