স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২৮ নভেম্বর : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, জাতীয়
স্বাস্থ্য মিশন, আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী
জন আরোগ্য যোজনা, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এবং আয়ুষ মিশনের স্বাস্থ্য পরিষেবার
সামগ্রিক পর্যালোচনা ও বিশ্লেষণের লক্ষ্যে সোনারতরী স্টেট গেস্ট হাউসে ২৮ নভেম্বর ১৮তম
কমন রিভিউ মিশনের রাজ্যস্তরীয় সমাপনী(ডি-ব্রিফিং) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
দপ্তরের সচিব কিরণ গিত্তে। সভায় উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় পর্যবেক্ষক ন্যাশনাল হেলথ অথরিটির ডিরেক্টর ডাঃ পীযূষ সিংলা এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের
অ্যাডিশনাল কমিশনার ডাঃ ইন্দু গ্রেওয়াল ।
গত ২১ নভেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের
১৪ সদস্যের একটি প্রতিনিধিদল রাজ্যের স্বাস্থ্য পরিষেবার সার্বিক মূল্যায়নের উদ্দেশ্যে
ত্রিপুরা সফরে আসে। ডাঃ ইন্দু গ্রেওয়ালের নেতৃত্বাধীন এই প্রতিনিধিদল ২২ থেকে ২৬ নভেম্বর
২০২৬ পর্যন্ত উত্তর ত্রিপুরা ও গোমতী জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন
করে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চতর স্তরের
স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন প্রতিনিধিদলের সদস্যরা।
পরিদর্শনকালে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো, পরিষেবার
মান ও বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি মূল্যায়নের পাশাপাশি সাফল্য, সীমাবদ্ধতা
ও চ্যালেঞ্জগুলি পর্যালোচনা করা হয়। স্বাস্থ্য ব্যবস্থার আরও উন্নয়নে প্রতিনিধিদল
প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ প্রদান করেন।
সভা শেষে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে
জানান, কেন্দ্রীয় প্রতিনিধিদল রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন কর্মসূচি
ও উদ্যোগের বিস্তারিত পর্যালোচনা করেছে। কেন্দ্রীয় প্রতিনিধিরা তাঁদের পর্যবেক্ষণ,
মূল্যায়ন ও মতামত তুলে ধরেন। প্রতি বছর কমন রিভিউ মিশনের মাধ্যমে জাতীয় স্তরের নির্ধারিত
মানদণ্ডের সঙ্গে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার তুলনামূলক মূল্যায়ন করা হয়, যা স্বাস্থ্য
ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করে। স্বাস্থ্য সচিব রাজ্যের দুটি বিশেষ স্বাস্থ্য কর্মসূচির সাফল্যের কথা উল্লেখ করে
জানান, ‘মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর’
কর্মসূচি গত চার বছর ধরে সফলভাবে পরিচালিত হচ্ছে। এছাড়া, ৩০ বছর ও তার বেশি বয়সীদের
জীবনযাপনজনিত রোগ শনাক্তকরণ, প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ২০২৫ সাল থেকে ‘মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান’ শুরু হয়েছে। এই দুটি কর্মসূচির
সাফল্য কমন রিভিউ মিশনের সামনে তুলে ধরা হয়।
রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মানবসম্পদ বৃদ্ধির উদ্যোগ হিসেবে
আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে চিকিৎসকের অনুমোদিত পদ ৩০০ থেকে বাড়িয়ে
৬৩০ টি করা হয়েছে। পাশাপাশি নার্সের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ৩৩২টি নিয়মিত পদ ও ১০০টি
চুক্তি ভিত্তিক নতুন পদ অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন ত্রিপুরা স্বাস্থ্য
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাস হয়েছে এবং উপাচার্য নিয়োগের প্রক্রিয়াও এগিয়েছে।
রাজ্যের প্রায় ৪১টি স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠানের তদারকি, সমন্বয় ও শিক্ষার মানোন্নয়নে
বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য
মিশনের মিশন অধিকর্তা ডাঃ জি এস নায়ক, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি ডাঃ বিশাল
কুমার, রাজ্য স্বাস্থ্য অধিকারের অধিকর্তা ডাঃ দেবশ্রী দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ
প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডাঃ অঞ্জন দাস সহ অন্যান্য আধিকারিকেরা। জাতীয় স্বাস্থ্য
মিশনের এক প্রেস রিলিজে এই তথ্য দেওয়া হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান