স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা, ১২ নভেম্বর : বিতর্কিত মন্তব্য করার জন্য বিধায়ক তফাজ্জল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিলেন ভারতীয় জনতা পার্টি। কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিও প্রদেশ নেতৃত্বের নজরে এসেছে। উক্ত ভিডিওতে বিধায়ক রাজ্যের এক সম্প্রদায় মানুষের খাদ্যাভাস সহ দৈনন্দিন জীবনযাপন নিয়ে আপত্তিকর ও অবমাননা কর মন্তব্য উপস্থাপন করেছেন বলে অভিযোগ উঠেছে। যার কারণে জনজাতি অংশের মানুষ গভীরভাবে অসন্তুষ্ট ও উদ্বেগ প্রকাশ করেছে।
এবং
রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম নিয়েও কল্পনা প্রসূত প্রচার করছেন। তাই প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়ের অনুমোদনক্রমে সাত দিনের মধ্যে উল্লেখিত বিষয়গুলি ভূমিকা ও অবস্থান স্পষ্ট করার জন্য বলা হচ্ছে। না হলে দলীয় বিধি লংঘন হবে বলে কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কথা বলেন। তফাজ্জল হোসেন মন্তব্য করার পর ক্ষমাও চেয়েছেন। কাজেই এরপর আর কোন প্রশ্ন উঠে না। তবে এ ধরনের কথা না বলাটাই উচিত। এদিকে সংসদ বিপ্লব কুমার দেব বলেন, জাতপাত বিশ্বাস করে না ভারতীয় জনতা পার্টি। উন্নয়ন বিশ্বাস করে। সকলকে নিয়ে কাজ করতে চায় এই সরকার।
বিধায়ক তফাজ্জল হোসেনের যে বক্তব্য তা উনার ব্যক্তিগত। এদিন বিধায়ক তফাজ্জল হোসেনের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাল তিপ্রা ওমেন ফেডারেশন। বৃহস্পতিবার তিপ্রা ওমেন ফেডারেশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় বিধায়ক তফাজ্জল হোসেনের বক্তব্য কোন ভাবে মনে নিতে পারছে না তিপ্রা ওমেন ফেডারেশন। সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি জানানো হয় বিধায়ক তফাজ্জল হোসেনকে যেন দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হোক। জনজাতিদের এই ভাবে অপমান করা কোন ভাবে মেনে নেওয়া যায় না।
বিধায়ক তফাজ্জল হোসেনের বিধায়ক পদ খারিজের দাবি জানানো হয় তিপ্রা ওমেন ফেডারেশন। এদিকে বক্সনগরের বিধায়ক তফাজ্জল হোসেনের বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি আরও জোরালো করলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সংশ্লিষ্ট থানাগুলি অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জিতেন্দ্র চৌধুরী বলেন, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী রাষ্ট্রপতি থেকে শুরু করে সাধারণ নাগরিক—সবার জন্য আইন সমান। কোনও ব্যক্তি কোনও সম্প্রদায় বা জনগোষ্ঠী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে থাকলে তা আইনের চোখে অপরাধ। কেউ ক্ষমা চাইলেই সেই অপরাধ স্বয়ংক্রিয়ভাবে মকুব হয়ে যায় না। তাঁর বক্তব্য, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিত্তিতে কাউকে আইনের ঊর্ধ্বে রাখা যায় না। অপরদিকে টি এস এফ পক্ষ থেকে রাজধানীর সার্কিট হাউজ এলাকায় বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিধায়ক তফাজ্জল হোসেনের ছবি পোড়ানো হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান