স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা, ১২ নভেম্বর : এবার হাইকোর্টের নির্দেশে চাকরি ফিরে পেলেন চার অঙ্গনওয়াড়ি কর্মী। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ধলাই জেলার ডুম্বুর নগর আই সি ডি এস প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু হয়। ২০২৩ সালের আগস্ট মাসে বৈধভাবে চারজন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ হয়। ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে তাদের চাকরি থেকে বরখাস্ত করেন জেলা প্রশাসন।
এর পেছনে কারণ ছিল তিপরা মথার পছন্দের লোকদের নিয়োগ করার। তাই তিপরা মথার চাপের কাছে আত্মসমর্পণ করে ধলাই জেলা শাসক চারজন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে চাকরি থেকে বরখাস্ত করেছিলেন। তারপরেই তারা উচ্চ আদালতে রিট মামলা করেন। উচ্চ আদালত বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন। বুধবার উচ্চ আদালতের প্রধান বিচারপতি এম এস রামচন্দ্র রাও এবং বিচারপতি এফ দত্ত পুরকায়স্থ -এর ডিভিশন বেঞ্চ রায় দেন তাদের পুনরায় চাকরিতে নিযুক্ত করতে হবে। এই ঘটনা প্রমাণ করে প্রশাসনের মেরুদন্ড নেই বলে জানান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। শাসক দলের চাপে পড়ে তারা এমন কার্যকলাপ সংঘটিত করতে পারেন।
উচ্চ আদালত নির্দেশ দিয়েছে ৮ সপ্তাহের মধ্যে তাদের মামলার খরচ হিসেবে পাঁচ হাজার টাকা করে দিতে হবে। একইসঙ্গে ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে তাদের সম্পূর্ণ বকেয়া মিটিয়ে দিতে হবে। আদালত আরো বলেছে, প্রশাসনের এমন ভূমিকা অত্যন্ত স্বেচ্ছাচারী। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা প্রকল্প কর্মী হলেও টানা সাত বছর তারা চাকরি করতে পারবেন। সহজে তাদের চাকরি থেকে বরদাস্তের নির্দেশ দিতে পারবে না প্রশাসন। এমনটাই জানান আইনজীবী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান