স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ সেপ্টেম্বর : রাজধানীর যোগেন্দ্র নগর
এলাকার এক মহিলার গলা
থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে গোল্ড লোন সংস্থার কাছ থেকে ঋণ নিল ছিনতাইকারীরা।
অবশেষে স্বর্ণের চেইন উদ্ধার করতে সক্ষম হয় পূর্ব আগরতলা থানার পুলিশ। জানা যায়, উদ্ধার হওয়া স্বর্ণের চেইনটির বাজারমূল্য দুই লক্ষাধিক টাকা হবে। এ বিষয়ে সাংবাদিকদের
মুখোমুখি হয়ে থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, দুই ছিনতাইকারী স্বর্ণের চেনটি ছিনতাইয়ের পর গোল্ড লোন
সংস্থার কাছে বন্ধক দিয়ে এক লক্ষ ৬০
হাজার টাকা লোন নেয়।
ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ এই তথ্য পেয়ে
স্বর্ণের চেনটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। এখন সংশ্লিষ্ট গোল্ড লোন সংস্থার ম্যানেজারকে পুলিশ চিঠি পাঠাবে। পাশাপাশি, গোল্ড লোনের ম্যানেজারকেও নির্দিষ্ট নথিপত্র ও প্রমাণপত্র নিয়ে
হাজির হতে হবে। ওসি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি গোল্ড লোন দেওয়ার ক্ষেত্রে যথাযথ নথিপত্র ও প্রমাণ উপস্থাপন
করতে না পারেন, তাহলে
আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার এবং তার বিনিময়ে ঋণ নেওয়ার বিষয়টি
সামনে আসায় তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। চেইনটি কার মাধ্যমে সংস্থায় জমা পড়েছিল, ঋণ গ্রহণের সময়
কী কী নথি ব্যবহার
করা হয়েছিল এবং পুরো প্রক্রিয়ায় আর কারও ভূমিকা
ছিল কিনা—এসব বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশের কাছে ইতিমধ্যে সিসি ক্যামেরার ফুটেজ হাতে এসেছে। এদিকে, আসন্ন শারদীয়া দুর্গোৎসবের প্রাক্কালে শহরে চুরি-ছিনতাইয়ের ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। উৎসবের মরশুমে এই ধরনের অপরাধ
দমনে পুলিশ আগামী দিন কী ধরনের ব্যবস্থা
গ্রহণ করে, সেদিকেই নজর সাধারণ মানুষের।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান